সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সরকারি সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এবং রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে পারস্য উপসাগরে সৌদি আরবের পূর্ব উপকূলের রাস তানুরা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত সবাই সৌদি নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার (২৬ জুন) রাস তানুরা টার্মিনালে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করে আরামকো। এর দুই দিনের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।