আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি, যুদ্ধাহত সেনাদের পাশে দাঁড়ানোর আশ্বাস
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
ইউক্রেনের যুদ্ধাহত সেনাদের পাশে দাঁড়াতে আকস্মিক দুই দিনের সফরে দেশটিতে গেছেন ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। সফরে তিনি আহত সেনাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ‘ইনভিক্টাস গেমস’-এ অংশ নিতে যাওয়া ইউক্রেনীয় প্রতিযোগীদের সাথে দেখা করে তাদের সাহস ও মনোবলের প্রশংসা করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তার কারণে সফর শেষ না হওয়া পর্যন্ত প্রিন্স হ্যারির ইউক্রেন সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল। সফরের অংশ হিসেবে তিনি লিভিভ শহরের কাছে অবস্থিত ‘সুপারহিউম্যানস সেন্টার’ পরিদর্শন করেন। সেখানে যুদ্ধাহত সেনাদের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
লিভিভে পৌঁছালে আহত সেনারা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় তাদের উদ্দেশে প্রিন্স হ্যারি বলেন, ‘আপনারা এই যুদ্ধে জয়ী হবেন।’
সুপারহিউম্যানস সেন্টারে মাইখাইলো দামাস্কিন নামে এক আহত সেনার সাথে দেখা করেন তিনি। খেরসনের যুদ্ধে গুরুতর আহত হয়ে মাইখাইলো হাঁটার ক্ষমতা হারিয়েছিলেন। পরে পরীক্ষামূলক চিকিৎসার অংশ হিসেবে তার মেরুদণ্ডে বিশেষ একটি যন্ত্র স্থাপন করা হয়। এর সাহায্যে তিনি আবার হাঁটতে পারছেন। তবে প্রতি ১২ ঘণ্টা পরপর যন্ত্রটি চার্জ দিতে হয়।
মাইখাইলো জানান, তার লক্ষ্য ইনভিক্টাস গেমসে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেনের প্রতিনিধিত্ব করা। গুরুতর আহত হওয়ার পরও যে জীবন থেমে থাকে না, সেই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে চান তিনি।
এ ছাড়া দুই পা হারানো আরেক সেনা কনস্তান্তিন ভ্লাসেঙ্কোর সাথেও দেখা করেন প্রিন্স হ্যারি। ওই সেনা ২০০ দিনের বেশি সময় যুদ্ধক্ষেত্রে একা টিকে ছিলেন। পরে ড্রোনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। প্রিন্স হ্যারি তাকে ইউক্রেনের অদম্য মানসিক শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেন।
সফরে যুদ্ধাহত সেনাদের খেলাধুলার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টাও প্রত্যক্ষ করেন প্রিন্স হ্যারি। লিভিভে হুইলচেয়ার রাগবি ম্যাচ উপভোগ করার পাশাপাশি ‘পিকলবল’ খেলায় অংশ নেন তিনি। এ সময় আহত সেনাদের সাথে কথা বলেন এবং ছবি তোলেন।
প্রিন্স হ্যারি বলেন, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত কঠিন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি চিকিৎসা কার্যক্রম এবং শহর রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। যুদ্ধ শেষ হলে ইউক্রেনে ইনভিক্টাস গেমস আয়োজনেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিক্টাস গেমসের বাছাইপর্বে ইউক্রেনের ৪০০ জন যুদ্ধাহত সেনা অংশ নেবেন।
ইনভিক্টাস গেমস মূলত যুদ্ধ ও সামরিক দায়িত্ব পালনকালে আহত বা অসুস্থ হয়ে পড়া সেনাসদস্যদের জন্য আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। খেলাধুলার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।



