ব্রাজিল ম্যাচে সরকারের ‘না’, স্পনসর পেলেই আয়োজন

ডেল্টা খেলা

ডেল্টা খেলা

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের মাঠে খেলার সম্ভাবনা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে সম্ভাব্য এই প্রীতি ম্যাচ আয়োজনের খরচ নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। সংশ্লিষ্টদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ব্রাজিলকে ঢাকায় এনে ম্যাচ আয়োজন করতে প্রায় ৩ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা খরচ হতে পারে।

তবে এই অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করতে চায় না সরকার। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি প্রদর্শনী ম্যাচের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয়ের পক্ষে সরকার নেই।

এর আগে ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ওই ম্যাচ আয়োজনে প্রায় ৩.৮ মিলিয়ন ডলার খরচ হয়েছিল বলে জানা যায়। সে সময় বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল প্রায় ২৬ থেকে ২৭ কোটি টাকা।

এবার ব্রাজিলের জাতীয় দলকে ঢাকায় আনতে প্রাথমিকভাবে প্রায় ৩ মিলিয়ন ডলারের খরচের কথা বলা হচ্ছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ কোটি টাকা।

তবে সরকারি অর্থের ওপর নির্ভর না করে বেসরকারি উদ্যোগে ম্যাচটি আয়োজনের পথ খোলা রেখেছে সরকার। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাফুফে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি প্রয়োজনীয় স্পনসর জোগাড় করতে পারে, তাহলে সরকার ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে।

এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় পক্ষের কাছ থেকে তিনি শুনেছেন, ব্রাজিলের ম্যাচ আয়োজন করতে প্রায় ৩ মিলিয়ন ডলার লাগতে পারে। তবে এত ডলার খরচ করে ম্যাচ আয়োজনের পক্ষে সরকার নয়।

ফলে শেষ পর্যন্ত ঢাকায় ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে বেসরকারি স্পনসর ও অর্থায়নের ওপর। বাফুফে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা বক্তব্য দেয়নি।