ভারতের অনূর্ধ্ব-১৯ দলে দ্রাবিড় ও শেবাগের ছেলে

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও চার দিনের ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত দলে জায়গা পেয়েছেন দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের ছেলে অনভয় দ্রাবিড় ও আর্যবীর শেবাগ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লক্ষ্য রাইচান্দানি। সহ-অধিনায়ক যশবর্ধন চৌহান। চার দিনের ম্যাচে দায়িত্ব বদল হবে। সেখানে অধিনায়কত্ব করবেন যশবর্ধন এবং সহ-অধিনায়ক থাকবেন রাইচান্দানি।

রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড় এর আগেও ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরেও ছিলেন তিনি। ওই সফরের দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন অনভয়। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে রাজত বাঘেলের সঙ্গে দুই উইকেটকিপারের একজন হিসেবে থাকছেন তিনি।

অন্যদিকে সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগও জায়গা পেয়েছেন ওয়ানডে দলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর চার দিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এবং ৫ থেকে ৮ অক্টোবর। দ্বিতীয় চার দিনের ম্যাচটি আহমেদাবাদে হলেও বাকি ম্যাচগুলো রাজকোটে অনুষ্ঠিত হবে।

চার দিনের দলের বেশ কয়েকজন ক্রিকেটার ওয়ানডে দলেও রয়েছেন। তাঁদের মধ্যে রাইচান্দানি, যশবর্ধন, কুশাগ্র ওঝা, মানল চৌহান, রোহিত যাদব ও মোহিত উলভা উল্লেখযোগ্য।

দীর্ঘ সংস্করণের ম্যাচে ভারতের উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকবেন মানব কৃষ্ণ ও অভিপ্রায় বিশ্বাস।

ভারত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল

লক্ষ্য রাইচান্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রাজত বাঘেল (উইকেটকিপার), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটকিপার), ভি যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপতি ভেঙ্কটা ও কাব্য প্যাটেল।

ভারত অনূর্ধ্ব-১৯ টেস্ট দল

যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচান্দানি (সহ-অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্র ওঝা, মানল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটকিপার), অভিপ্রায় বিশ্বাস (উইকেটকিপার), রোহিত যাদব, ঈশান ওম, আয়ান আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিং, মোহিত উলভা ও আরিয়ান যাদব।