মেসিকে ‘বিশ্বসেরা’র স্বীকৃতি কাসেমিরোর
খেলা ডেস্ক
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬
অতীতের দ্বৈরথ ও দীর্ঘদিনের ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে বন্ধুত্ব একপাশে রেখে লিওনেল মেসিকেই ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিলেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো।
মেজর লিগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের বিশাল জয়ের পর মেসির প্রশংসা করে এই মন্তব্য করেন কাসেমিরো।
ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচে ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি একাই চার গোল ও একটি গোলে সহায়তা করেন। অন্যদিকে, ইন্টার মায়ামির হয়ে নিজের প্রথম গোলটি করেন কাসেমিরো।
ম্যাচ শেষে ফ্ল্যাশ সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ‘দলে মেসি থাকার মানে এটাই। বিশ্বকাপে সে তা দেখিয়েছে। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে। কারণ, সে এমন একজন খেলোয়াড় ও ব্যক্তি, যে প্রতিনিয়ত ইতিহাস তৈরি করে চলেছে।’
মন্ট্রিয়ালের বিপক্ষে মেসির চার গোলের কীর্তি দেখার পর কাসেমিরো বলেন, ‘আজ আমরা যা দেখলাম, তা আমাদের উপভোগ করতেই হবে। আমাদের তাকে সমর্থন করে যেতে হবে এবং তার পাশে থেকে প্রতিযোগিতা করতে হবে। কারণ, সে এখনো সেরা। মেসি বিশ্বকে এটাই দেখিয়ে চলেছে। তাকে নিয়ে আমরা সত্যিই অনেক বেশি শক্তিশালী।’
উল্লেখ্য, কাসেমিরো ও ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে একসাথে খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক শিরোপা জয়ের পাশাপাশি ক্লাবটির হয়ে তাদের দীর্ঘ সময়ের পথচলায় কাসেমিরো ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে মেসি ও রোনালদোর মধ্যে কে সর্বকালের সেরা—ফুটবলে বহুল আলোচিত এই বিতর্কে এবার মেসির পক্ষেই নিজের অবস্থান জানালেন ব্রাজিলের এই তারকা মিডফিল্ডার।



