চীনের ভিসা-মুক্ত নীতিতে বিদেশি পর্যটকের ঢল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

চীনে বিদেশি পর্যটকদের ভ্রমণ আগের তুলনায় সহজ হয়েছে। ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ সম্প্রসারণের ফলে দেশটিতে বিদেশি নাগরিকদের প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ সালের প্রথমার্ধে চীনে বিদেশি নাগরিকদের প্রবেশের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ১০ হাজার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪ শতাংশ বেশি।

চীনের জাতীয় ইমিগ্রেশন প্রশাসনের তথ্য অনুযায়ী, এ সময় ১ কোটি ৭৮ লাখ বিদেশি নাগরিক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করেছেন। অর্থাৎ মোট বিদেশি প্রবেশকারীর ৭৭ দশমিক ৭ শতাংশই ভিসা-মুক্ত সুবিধা ব্যবহার করেছেন। আগের বছরের তুলনায় ভিসা-মুক্ত প্রবেশের হার বেড়েছে ৩০ দশমিক ৬ শতাংশ।

বিদেশি পর্যটকদের মধ্যে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা, জাপান, মঙ্গোলিয়া ও অস্ট্রেলিয়ার নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। এই ১০ দেশের নাগরিকরাই মোট বিদেশি প্রবেশকারীর প্রায় ৬২ শতাংশ।

বাড়ছে ভিসা-মুক্ত সুবিধার আওতা

চীনের ভিসা-মুক্ত নীতি ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বরে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য একতরফা ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ চালু করা হয়। পরবর্তী সময়ে ২০২৪ ও ২০২৫ সালে আরও কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য ও কানাডাকে যুক্ত করার পর ভিসা-মুক্ত সুবিধা পাওয়া দেশের সংখ্যা ৫০-এ পৌঁছায়। পাশাপাশি ২০ আগস্ট থেকে কিরগিজস্তান ও ভিয়েতনামের নাগরিকরাও ২৪০ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা পাচ্ছেন। এতে এই সুবিধাভোগী দেশের সংখ্যা বেড়ে ৫৭ হয়েছে।

এ ছাড়া চীনের হাইনান প্রদেশে ৩০ দিনের ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ এখন ৬১ দেশের নাগরিকদের জন্য কার্যকর রয়েছে।

১০ দিন পর্যন্ত থাকার সুযোগ

চীনের ২৪০ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা বর্তমানে ৬৫টি প্রবেশপথে কার্যকর রয়েছে। এর মধ্যে বেইজিং, সাংহাই ও গুয়াংজুর মতো গুরুত্বপূর্ণ শহরও রয়েছে।

সাধারণ পাসপোর্টধারী বিদেশি নাগরিকদের নির্দিষ্ট তৃতীয় কোনো দেশে যাওয়ার বৈধ টিকিট থাকলে সর্বোচ্চ ১০ দিন চীনে থাকার সুযোগ রয়েছে। এ সময়ে পর্যটন, ব্যবসা ও পারিবারিক ভ্রমণ করা যায়। তবে কাজ, পড়াশোনা বা সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট ভিসা প্রয়োজন।

সহজ হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা

ভিসা-মুক্ত সুবিধার পাশাপাশি চীনে বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণব্যবস্থাও সহজ হচ্ছে। দেশটির উচ্চগতির রেল নেটওয়ার্ক ৪০ হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত, যা বিশ্বের সবচেয়ে বড় উচ্চগতির রেল নেটওয়ার্ক।

বিদেশি পাসপোর্ট ব্যবহার করে রেলের টিকিট কেনার প্রক্রিয়াও আগের তুলনায় সহজ হয়েছে। একই সঙ্গে ইংরেজি ভাষায় সহায়তা বাড়ানো হয়েছে।

বিদেশি পর্যটকদের জন্য ডিজিটাল লেনদেনের ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। আলিপে ও উইচ্যাট পের মাধ্যমে আন্তর্জাতিক ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে অর্থ পরিশোধের সুযোগ রয়েছে। বিদেশি মোবাইল নম্বর ব্যবহার করেও বিভিন্ন ডিজিটাল সেবা নেওয়া যাচ্ছে। ই-সিম সুবিধার কারণে চীনে পৌঁছানোর পর দ্রুত ইন্টারনেট সংযোগ পাওয়ার সুযোগও তৈরি হয়েছে।

পুরোনো তথ্য নিয়ে বিভ্রান্তি

তবে বিদেশি পর্যটকদের একটি অংশ এখনো চীনের ভ্রমণব্যবস্থা সম্পর্কে পুরোনো তথ্যের ওপর নির্ভর করছেন। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত অনেক ভ্রমণ নির্দেশিকায় চীনে ভ্রমণকে তুলনামূলক কঠিন হিসেবে তুলে ধরা হয়েছিল।

ফলে বর্তমানে ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ, সহজ ডিজিটাল লেনদেন ও উন্নত পরিবহনব্যবস্থা সম্পর্কে অনেক পর্যটক পর্যাপ্ত তথ্য জানেন না।

চীন বর্তমানে পর্যটন খাতকে আরও উন্মুক্ত করতে নীতিগতভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এয়ারলাইন, হোটেল, পর্যটন প্রতিষ্ঠান ও বীমা কোম্পানিগুলো নতুন নিয়ম অনুযায়ী নিজেদের সেবা ও নির্দেশনা হালনাগাদ করলে বিদেশি পর্যটকের বাড়তি চাহিদা থেকে তারা আরও বেশি সুবিধা নিতে পারবে।

সূত্র: মাইগ্রেশন কনসার্ন