বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি, ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের
খেলা ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বিশেষ এক মাঠ। ২০২০ সালে এই মাঠেই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেই বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন তাওহিদ হৃদয়। ছয় বছর পর একই মাঠে আবারও ইতিহাস গড়লেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন হৃদয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২৮ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। রকিবুল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রান করলেন হৃদয়।
অথচ এই ম্যাচে হৃদয়ের খেলার কথাই ছিল না। দেশের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাকির হাসান চোটে পড়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগ্রহ নিজেই প্রকাশ করেছিলেন হৃদয়।
আগামী নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। তাই আগেভাগেই সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্য ছিল হৃদয়ের। সেই সুযোগ কাজে লাগিয়ে শুধু নিজেকে প্রস্তুতই করেননি, ব্যাট হাতে বাংলাদেশ ‘এ’ দলকেও ম্যাচে ফিরিয়েছেন তিনি।
পচেফস্ট্রুমে গত রোববার (৩০ আগস্ট) শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ আনঅফিশিয়াল টেস্টে প্রথম ইনিংসে ৫১২ রান করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ ‘এ’। এরপর ব্যাটিংয়ে নেমে একপর্যায়ে দলীয় ১৩৫ রানে চার উইকেট পড়ে গেলে বড় বিপদে পড়ে সফরকারীরা।
তবে সেখান থেকে ম্যাচের চিত্র পাল্টে দেন হৃদয়। জাকের আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। গতকাল তৃতীয় দিনেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ২০৪ রানে অপরাজিত ছিলেন তিনি।
আজ ম্যাচের শেষ দিনে টেলএন্ডারদের সঙ্গে নিয়ে সেই ইনিংসকে রূপ দেন ট্রিপল সেঞ্চুরিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২৮ রানে অপরাজিত হৃদয়। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রায় ১৫০ রানের লিড নিয়েছে।
অবিশ্বাস্য কিছু না ঘটলে ম্যাচটি ড্র হওয়ার পথেই রয়েছে। আর সেই ড্রয়ের মাঝেই সেনওয়েস পার্কে বাংলাদেশের ক্রিকেটের আরেকটি স্মরণীয় অধ্যায়ের নায়ক হয়ে থাকলেন তাওহিদ হৃদয়।



