অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

কলকাতা ভ্রমণের আগে বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কারণে শহরটির অনেক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ অবস্থায় চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা ভ্রমণকারীদের আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

৩ সেপ্টেম্বর দেওয়া এক বিজ্ঞপ্তিতে ডেপুটি হাইকমিশন জানায়, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। একই সাথে হোটেলটি বর্তমানে চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কে আগে থেকেই নিশ্চিত হয়ে ভ্রমণ করতে বলা হয়েছে।

চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় আসা রোগীদের সফরসঙ্গীদেরও হোটেল বুকিং নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হোটেল বুকিংয়ের বৈধতা, হাসপাতাল থেকে দূরত্ব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ভ্রমণের সময় অপ্রত্যাশিত সমস্যায় পড়ার ঝুঁকি কমবে।

ডেপুটি হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্টের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন নিরাপত্তাঝুঁকিপূর্ণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। নিরাপত্তা বিধি ও সংশ্লিষ্ট নিয়ম মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনসংক্রান্ত সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করেছে ডেপুটি হাইকমিশন।