বর্ষায় ভ্রমণের সেরা গন্তব্য কেরালার এই ছোট্ট শহর
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬
ভারতের বিভিন্ন প্রান্তে পাহাড়, পর্বত, ঝর্ণা কিংবা সাগরের সৌন্দর্য উপভোগ করেছেন অনেকেই। তবে বর্ষাকালে কেরালার শৈলশহর মুন্নারের সৌন্দর্য যেন অন্য রকম। পাহাড়ের গায়ে বৃষ্টির ধারা, চারপাশে সবুজের সমারোহ আর ভেজা মাটির গন্ধ—সব মিলিয়ে বর্ষায় মুন্নার হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের আকর্ষণীয় গন্তব্য।
মুন্নারের অন্যতম দর্শনীয় স্থান এরাভিকুলাম জাতীয় উদ্যান। বর্ষার সময় মেঘে ঢাকা পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে নীলগিরি তাহরের বিচরণ এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। মেঘ, পাহাড় ও সবুজের এই মিলন ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি করে মনোরম পরিবেশ।
মাট্টুপেট্টি বাঁধও মুন্নারের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর একটি। বৃষ্টির সময় হ্রদের পানিতে পাহাড়ের প্রতিচ্ছবি দেখা যায়। শান্ত পরিবেশে নৌকাভ্রমণও হতে পারে ভ্রমণের অন্যতম আকর্ষণ।
মুন্নার থেকে টপ স্টেশনে গেলে মেঘের আড়াল থেকে দেখা যায় দূরের পাহাড়ি দৃশ্য। বর্ষাকালে মেঘে ঢাকা পাহাড় ও চারপাশের সবুজ পরিবেশ জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ছবি তোলার জন্যও এটি একটি জনপ্রিয় স্থান।
মুন্নারের চা-বাগানগুলোও পর্যটকদের অন্যতম আকর্ষণ। সরু পথ ধরে চা-বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে উপভোগ করা যায় পাহাড়ি প্রকৃতি। টাটা টি মিউজিয়ামে গেলে চা উৎপাদন ও তৈরির বিভিন্ন দিক সম্পর্কে জানা যায়।
বর্ষায় মুন্নারের আট্টুকাল জলপ্রপাতও হয়ে ওঠে আরও আকর্ষণীয়। দীর্ঘ পথ হেঁটে জলপ্রপাতের কাছে পৌঁছানোর অভিজ্ঞতা ভ্রমণে যোগ করে বাড়তি রোমাঞ্চ। বর্ষার পানিতে জলপ্রপাতের প্রবাহও তখন চোখে পড়ার মতো হয়।
অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য মুন্নারে ট্রেকিংয়ের সুযোগও রয়েছে। মিশাপুলি মালা কিংবা আনামুদি পিকের পথে হাঁটার সময় পাহাড়ি প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ মেলে। তবে বর্ষায় পাহাড়ি পথে ট্রেকিংয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি।
কেরালার মশলার বাগানও ভ্রমণের তালিকায় রাখা যায়। এলাচ, গোলমরিচ ও লবঙ্গের মতো বিভিন্ন মশলার গন্ধে বাগানের পরিবেশ হয়ে ওঠে আলাদা।
দিনের ভ্রমণ শেষে রাতে ক্যাম্পফায়ারের পাশে বসে বৃষ্টির শব্দ উপভোগ করার অভিজ্ঞতাও হতে পারে বিশেষ। আগুনের উষ্ণতা, ঠান্ডা বাতাস আর বৃষ্টির শব্দ মিলিয়ে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ।
সব মিলিয়ে বর্ষাকালে মুন্নারে ভ্রমণ মানে পাহাড়, বৃষ্টি, সবুজ প্রকৃতি ও শান্ত পরিবেশের একসাথে দেখা পাওয়া। প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে কেরালার এই শৈলশহর হতে পারে ভ্রমণের আকর্ষণীয় একটি গন্তব্য।



