নেপালে বন্যা-ভূমিধস, বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬
নেপালে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় নেপালে ভ্রমণরত বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
২৭ সেপ্টেম্বর রাতে জারি করা সতর্কবার্তায় দূতাবাস বিশেষভাবে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে এসব এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূখণ্ড হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।
নেপালি কর্তৃপক্ষ মানাং অঞ্চলের কয়েকটি জনপ্রিয় ট্রেকিং রুট ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও বিমথাং।
পোখারা ও আশপাশের এলাকাতেও ভ্রমণের সময় সতর্ক থাকতে বলেছে দূতাবাস। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় কাছাকাছি ট্রেকিং গন্তব্যগুলোতে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশি পর্যটকদের মস্তাং, জোমসোম ও অন্যান্য পাহাড়ি এলাকায় যাওয়ার আগে গণ্ডকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য নিতে বলা হয়েছে। কারণ, পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় বিভিন্ন রুট বন্ধ হয়ে যেতে পারে।
দূতাবাস জানিয়েছে, যারা ট্রেকিং, মাউন্টেনিয়ারিং বা পাহাড়ি এলাকায় ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই সর্বশেষ পরিস্থিতি যাচাই করতে হবে। বিশেষ করে অন্নপূর্ণা, মানাং, মস্তাং ও মানাসলু অঞ্চলে যাওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।
ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি ভ্রমণের আগে আবহাওয়া ও সড়ক পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে। একই সাথে ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নেপালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।



