১৭টি বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনা যাবে ডেবিট-ক্রেডিট কার্ডে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

বিদেশ ভ্রমণকারীদের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইন্সের টিকিট আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কেনা যাবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনার সংশোধন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে এসব এয়ারলাইন্সের টিকিট কিনতে পারবেন।

আগের নিয়মে এ সুবিধা পেতে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করার শর্ত ছিল। সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি এয়ারলাইন্সগুলো নিজস্ব আন্তর্জাতিক পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিটের অর্থ নিষ্পত্তি করলেও এ সুবিধা প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, টিকিট কেনার লেনদেন যথাযথভাবে যাচাই করার পর গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক। এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক এবং প্রচলিত ব্যবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

এডি ব্যাংকগুলোকে এসব লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায় সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নিয়মের ফলে বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রির প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে যেসব জটিলতা ছিল, তা কমবে বলে আশা করা হচ্ছে।