ভারতের পর্যটনে ফের গতি, বাড়ছে বাংলাদেশি পর্যটক

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ভারতে বিদেশি পর্যটকের আগমন আগস্টে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার পর্যটক আগমন বেড়েছে প্রায় ১০ দশমিক ৬ শতাংশ। গত দুই বছরের মধ্যে কোনো এক মাসে এটিই সর্বোচ্চ প্রবৃদ্ধি।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে ভারতে বিদেশি পর্যটক এসেছিলেন ৬ লাখ ২৫ হাজার। চলতি বছরের একই মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজারে।

বাংলাদেশ থেকে পর্যটক আগমন বাড়ায় সার্বিক এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা পড়েছে। আগস্টে বাংলাদেশ থেকে ভারতে ৭৪ হাজারের বেশি পর্যটক গেছেন। গত বছরের একই সময়ের তুলনায় প্রতিবেশী দেশটি থেকে পর্যটক আগমন বেড়েছে প্রায় ৮০ শতাংশ।

চীন থেকেও পর্যটক আগমন দ্বিগুণের বেশি হয়েছে। গত বছরের তুলনায় এবার দেশটি থেকে পর্যটক সংখ্যা ১০০ শতাংশের বেশি বেড়ে ৯ হাজার ছাড়িয়েছে।

এ ছাড়া আমেরিকা ও যুক্তরাজ্য থেকেও পর্যটক আগমন বেড়েছে। আগস্টে দুই দেশ থেকেই পর্যটক বৃদ্ধির হার ছিল প্রায় ৩ শতাংশ। কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকেও পর্যটক আগমন ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে।

বিদেশি পর্যটক বাড়ায় ভারতের পর্যটন খাতে নতুন গতি সঞ্চারের আশা করা হচ্ছে। মহামারি ও পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তায় দীর্ঘদিন পর্যটন খাত চাপের মধ্যে ছিল। পর্যটক আগমন বাড়ায় এখন খাতটি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও চীন থেকে পর্যটক বাড়ার পেছনে ভিসা সুবিধা, চিকিৎসা ও ব্যবসায়িক ভ্রমণ, সাংস্কৃতিক যোগাযোগ এবং সীমান্তবর্তী অঞ্চলের সহজ যাতায়াতের ভূমিকা রয়েছে।