লাগেজ কাটা বন্ধে টার্মিনালে সরাসরি সম্প্রচারের দাবি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি বন্ধে উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ বেল্ট পর্যন্ত পুরো প্রক্রিয়া টার্মিনালের বড় পর্দায় সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, বিমানবন্দর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রবেশদ্বার। কিন্তু দীর্ঘদিন ধরে দেশে আসা ও বিদেশগামী যাত্রী, পর্যটক, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী এবং প্রবাসী কর্মীদের লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার অভিযোগ রয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ নামিয়ে কনভেয়ার বেল্টে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে একটি অসাধু চক্র তালাবদ্ধ লাগেজ কেটে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র চুরি করছে। এতে যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের ঘটনা বন্ধে উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ খালাস, ট্রলিতে তোলা, র্যাম্প এলাকা দিয়ে পরিবহন এবং ব্যাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া উচ্চমানের সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানানো হয়েছে।
একইসাথে অ্যারাইভাল লাউঞ্জের বড় পর্দায় এসব কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কোনো যাত্রীর লাগেজ কাস্টমস বা নিরাপত্তা সংস্থার সদস্যরা খুলে পরীক্ষা করলে সেই প্রক্রিয়াও ক্যামেরায় সরাসরি প্রদর্শনের দাবি জানানো হয়েছে।
নোটিশে বিমানবন্দরের লোডার, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তাকর্মী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক নজরদারি জোরদার এবং স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কাঠামো চালুরও দাবি জানানো হয়েছে।
এ ছাড়া আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের লাইভ সিসিটিভি সম্প্রচার, প্রকাশ্যে লাগেজ তল্লাশি এবং স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে আইনি নোটিশে জানানো হয়েছে।



