আদালত চত্বরে কী ঘটেছিল পরীমনির সঙ্গে?
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার পর অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। গাড়িতে ওঠার সময় এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ওই ব্যক্তির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। পরে আদালত থেকে বের হয়ে গাড়ির দিকে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। এ সময় সাংবাদিকেরা জামিন পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া জানতে চান। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান তিনি।
ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহকারীদের সঙ্গে নিয়ে গাড়ির কাছে পৌঁছানোর পর হঠাৎ এক ব্যক্তির দিকে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যান পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’
এ সময় ওই ব্যক্তি দাবি করেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি, বরং মুঠোফোনে ভিডিও করছিলেন। তবে পরীমনির সহকারীরা অভিযোগ করেন, ওই ব্যক্তি তাঁর গায়ে হাত দিয়েছেন।
ঘটনাটি নিয়ে প্রায় ৩০ সেকেন্ড ধরে উত্তপ্ত বাক্যবিনিময় চলে। একপর্যায়ে পরীমনিকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ পরে উপস্থিত ব্যক্তিরা ওই ব্যক্তিকে সরিয়ে দেন। ক্ষোভ প্রকাশ করতে করতেই নিজের গাড়িতে উঠে দ্রুত আদালত এলাকা ছাড়েন পরীমনি।
এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গত বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এরপর বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।



