আমেরিকার ভিসা সাক্ষাৎকারে ভুল তথ্য দিলে ভবিষ্যতে বড় বিপদ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

আমেরিকার ভিসা আবেদন ও সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে ভিসাপ্রার্থীদের সতর্ক করেছে ঢাকার আমেরিকান দূতাবাস। দূতাবাস জানিয়েছে, আবেদন ও সাক্ষাৎকারে দেওয়া তথ্যের সত্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল বা মিথ্যা তথ্য দিলে ভবিষ্যতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে গুরুতর পরিণতি হতে পারে।

৩ অক্টোবর দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়, অনেক ভিসাপ্রার্থী মনে করতে পারেন, অতীতের কোনো তথ্য গোপন করলে বা ভুল তথ্য দিলে তা ধরা পড়বে না। তবে কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর আগের অভিবাসন-সংক্রান্ত তথ্য ও আইন লঙ্ঘনের রেকর্ড সম্পর্কে জানতে পারেন এবং বিভিন্ন উৎসের তথ্য যাচাই করার সুযোগ তাদের রয়েছে।

এ কারণে ভিসা সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর সত্য ও নির্ভুলভাবে দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, আবেদনকারীর অতীতের কোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কর্মকর্তাদের জানা থাকতে পারে। তাই সাক্ষাৎকারে সত্য বলা উচিত। মিথ্যা তথ্য দিলে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভিসা আবেদনপত্র বা সাক্ষাৎকারে ভুল কিংবা অসত্য তথ্য দেওয়া শুধু আবেদন প্রত্যাখ্যানের কারণ হতে পারে না, ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষ করে আগে আমেরিকায় অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করা, ভিসার শর্ত ভঙ্গ করা, শিক্ষার্থী বা কর্মসংস্থান ভিসার নিয়ম না মানা কিংবা অন্য কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা থাকলে তা গোপন না করে সঠিকভাবে জানানো গুরুত্বপূর্ণ।

ঢাকার আমেরিকান দূতাবাস নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা আবেদন ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা এবং সতর্কবার্তা প্রকাশ করে থাকে। সাম্প্রতিক সতর্কবার্তাটিও এরই অংশ।

ভিসা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। তাই আবেদনপত্র পূরণ থেকে শুরু করে সাক্ষাৎকার পর্যন্ত সব পর্যায়ে সঠিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়াই নিরাপদ।