কানাডায় অ্যাসাইলাম আবেদনে নতুন নিয়ম, ২ নভেম্বর শেষ সময়
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
কানাডায় শরণার্থী বা আশ্রয় আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগামী ৩ নভেম্বর থেকে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) অনলাইন পোর্টালের মাধ্যমে আশ্রয় আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, যারা ইতোমধ্যে আবেদন শুরু করেছেন কিন্তু এখনো জমা দেননি, তারা আগামী ২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (ইস্টার্ন টাইম) পর্যন্ত বর্তমান পদ্ধতিতে আবেদন জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের আগে আবেদন জমা দিলে সাধারণত নতুন তথ্য বা অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে হবে না, যদি না পরবর্তী সময়ে কর্তৃপক্ষ আলাদাভাবে তা চায়।
৩ নভেম্বর থেকে অনলাইন আশ্রয় আবেদনে নতুন কিছু প্রশ্ন যুক্ত হবে। যারা আবেদন শুরু করলেও তা সম্পন্ন করেননি, তাদের আগের দেওয়া তথ্য পর্যালোচনা করে নতুন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
তবে পোর্টালে আগে থেকে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য মুছে যাবে না। আবেদনকারীদের সেসব তথ্য যাচাই করে নতুন প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে হবে।
কানাডার বিমানবন্দর, স্থলবন্দর বা সমুদ্রবন্দর দিয়ে প্রবেশের সময় কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) মাধ্যমে যারা আশ্রয় আবেদন শুরু করেছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে।
কেউ যদি সিবিএসএর মাধ্যমে করা আবেদন আইআরসিসি পোর্টালের সঙ্গে যুক্ত করে থাকেন, কিন্তু ২ নভেম্বরের মধ্যে আবেদন জমা না দেন, তাহলে তাঁর তথ্য সংরক্ষিত থাকবে। তবে ৩ নভেম্বরের পর নতুন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
অন্যদিকে, নির্ধারিত সময়ের আগে সিবিএসএর আবেদন আইআরসিসি পোর্টালের সঙ্গে যুক্ত না করলে আগের তথ্য সংরক্ষিত নাও থাকতে পারে। সেক্ষেত্রে নতুন করে সব তথ্য দিতে হতে পারে।
কানাডার বৃহত্তর আশ্রয়ব্যবস্থা সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে। ২০২৬ সালের মার্চে পাস হওয়া বিল সি-১২ বা ‘স্ট্রেংদেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট’-এর আওতায় শরণার্থী আবেদন প্রক্রিয়াকে আধুনিক করা হচ্ছে।
কানাডা সরকারের দাবি, নতুন পদ্ধতিতে একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন কমবে এবং পূর্ণাঙ্গ আবেদন দ্রুত ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডে (আইআরবি) পাঠানো সম্ভব হবে।
এ ছাড়া যোগ্য আশ্রয়প্রার্থীদের আগের তুলনায় দ্রুত ওয়ার্ক পারমিট দেওয়ার ব্যবস্থাও ভবিষ্যতে বিবেচনা করছে সরকার। তবে এটি এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে এবং ৩ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া পরিবর্তনের অংশ নয়।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শুধু সময়সীমা মেনে আবেদন জমা দেওয়ার জন্য তাড়াহুড়া করে অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া উচিত নয়। আবেদন অবশ্যই সঠিক, পূর্ণাঙ্গ ও তথ্যনির্ভর হওয়া প্রয়োজন।
বর্তমানে আইআরসিসি পোর্টালে যাদের আশ্রয় আবেদন অসম্পূর্ণ রয়েছে, তাদের জন্য ২ নভেম্বরের সময়সীমা গুরুত্বপূর্ণ। কারণ এরপর আবেদনকারীদের নতুন প্রশ্নের উত্তর দেওয়াসহ সংশোধিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।



