রোমানিয়ায় মানব পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের অভিবাসীদের পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রোমানিয়ার পুলিশ। এ ঘটনায় ২৫ থেকে ৫০ বছর বয়সী ছয়জনকে তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
শনিবার দেশটির কারাশ-সেভেরিন কাউন্টিতে সন্দেহভাজনদের ছয়টি বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি সীমান্তরক্ষী ও বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেন।
পুলিশের অভিযোগ, চক্রটি বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের রোমানিয়ায় আনার পর তাদের যাতায়াত, থাকার ব্যবস্থা এবং অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা করত। পরে ট্রাকের ভেতরে লুকিয়ে এসব অভিবাসীকে হাঙ্গেরি, অস্ট্রিয়া ও জার্মানিতে পাঠানোর চেষ্টা করা হতো।
তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সাল থেকে চক্রটির সদস্যরা সমন্বিতভাবে কাজ করে আসছিলেন। ওই বছরের আগস্টে মিসর, পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও ঘানার প্রায় ৬০ জন নাগরিককে এই চক্রের মাধ্যমে অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করানো হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
বর্তমানে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানব পাচার চক্রটির কার্যক্রম ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
তবে আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।



