ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে পরিবর্তন, তাৎক্ষণিক বুকিং বন্ধ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
বাংলাদেশে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে আবেদনকারীরা একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। আগামী দুই সপ্তাহের সম্ভাব্য তারিখগুলোর মধ্য থেকেই অ্যাপয়েন্টমেন্টের সময় বেছে নিতে হবে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে উন্মুক্ত করা হবে। তবে সংশ্লিষ্ট ভারতীয় মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।
স্লট খোলা থাকলে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্তও অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হতে পারে।
নতুন নিয়মের ফলে তাৎক্ষণিক বা একই দিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ থাকছে না। আবেদনকারীদের আগাম পরিকল্পনা করে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে থাকা উপলব্ধ তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে আবেদনকারীদের মধ্যে চাপ তৈরি হয়েছে। সীমিত স্লটের কারণে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল। নতুন ব্যবস্থার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আইভ্যাকের নির্দেশনায় আবেদনকারীদের নিয়মিত সিস্টেম পর্যবেক্ষণ এবং স্লট উন্মুক্ত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।



