ইতালিতে কাজের সুযোগ, যেতে পারবেন বাংলাদেশিরাও
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
ইতালিতে ২০২৭ সালে প্রায় ১ লাখ ৬৬ হাজার বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নেওয়া হবে। যোগ্য দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও।
এর মধ্যে কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজের জন্য ৮৯ হাজার, বিভিন্ন অমৌসুমি চাকরির জন্য ৭৬ হাজার ২০০ এবং স্বনিয়োজিত কাজের জন্য ৬৫০টি কোটা রাখা হয়েছে। অমৌসুমি কোটার মধ্যে ১৪ হাজার রয়েছে পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং কাজের জন্য।
ইতালিতে কাজের জন্য আগ্রহী বিদেশি কর্মীদের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন প্রাক-পূরণ করার সুযোগ থাকবে। এরপর ২০২৭ সালে চার ধাপে ‘ক্লিক ডে’তে আবেদন জমা নেওয়া হবে।
সূচি অনুযায়ী, কৃষি খাতের জন্য ১২ জানুয়ারি, পর্যটন খাতের জন্য ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি চাকরির জন্য ১৬ ফেব্রুয়ারি এবং কেয়ারগিভিং কাজের জন্য ১৮ ফেব্রুয়ারি আবেদন জমা দেওয়া যাবে।
তবে বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁরা নিজেরা সরাসরি ওয়ার্ক ভিসার আবেদন করতে পারবেন না। ইতালিতে থাকা নিয়োগকর্তাকেই প্রথমে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতিপত্রের আবেদন করতে হবে।
নুল্লা ওস্তা অনুমোদিত হলে বাংলাদেশ থেকে ইতালীয় কনস্যুলেট বা নির্ধারিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করা যাবে।
তবে শুধু ‘ক্লিক ডে’তে আবেদন করলেই ভিসা নিশ্চিত হবে না। কাজের অফার, চাকরির চুক্তিপত্র ও নুল্লা ওস্তার তথ্য যাচাই না করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কা থাকায় আবেদনকারীদের সরকারি প্রক্রিয়া অনুসরণ করা এবং নিয়োগকর্তা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি।



