অস্ট্রেলিয়ার নতুন অভিবাসন নীতি নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সতর্কবার্তা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬
অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে দেশটির রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কাউন্সিল অব স্মল বিজনেস অর্গানাইজেশন্স অস্ট্রেলিয়া (কসবোয়া)। সংগঠনটির আশঙ্কা, অভিবাসন কমানোর উদ্যোগ বাস্তবায়ন করা হলে শ্রমিক সংকটে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশটির ক্ষুদ্র ব্যবসা।
কসবোয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা স্কাই ক্যাপুচিও এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক দলগুলোর অভিবাসন কমানোর বিভিন্ন প্রস্তাব ক্ষুদ্র ব্যবসা খাতের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাঁর মতে, শুধু অভিবাসীদের সংখ্যা কমানোর দিকে নজর না দিয়ে শ্রমবাজারের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে অভিবাসন নীতি তৈরি করা প্রয়োজন।
অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী কোয়ালিশন জোট ও ওয়ান নেশন নিজেদের অভিবাসন নীতি নিয়ে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। কসবোয়ার মতে, এসব প্রস্তাবের কিছু নিয়ম বাস্তবায়ন হলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসা ও অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে।
সংগঠনটি বলছে, কোন খাতে এবং কী ধরনের দক্ষ কর্মীর সংকট রয়েছে, তা নিরপেক্ষভাবে চিহ্নিত করা জরুরি। প্রয়োজনীয় কর্মী নিয়োগের কার্যকর সুযোগ না থাকলে অনেক ক্ষুদ্র ব্যবসা টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে।
কসবোয়ার প্রধান নির্বাহী বলেন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় শুধু উচ্চ দক্ষতার পেশাজীবী নয়, দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন পর্যায়ের কর্মীও প্রয়োজন। বিশেষ করে আতিথেয়তা, পর্যটন, কৃষি ও স্থানীয় সেবা খাতের অনেক ব্যবসা বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল।
এদিকে বিরোধী কোয়ালিশন জোটের ‘ওয়ার্কিং হলিডে মেকার’ ভিসার দ্বিতীয় ও তৃতীয় বছরের আবেদনের সীমা এবং লটারি পদ্ধতি বাতিলের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে কসবোয়া। সংগঠনটির মতে, এ ধরনের পরিবর্তন কার্যকর হলে আঞ্চলিক ও প্রত্যন্ত এলাকার ক্ষুদ্র ব্যবসাগুলো শ্রমিক সংকট থেকে কিছুটা স্বস্তি পেতে পারে।
আঞ্চলিক এলাকার রেস্তোরাঁ, হোটেল ও খামারে স্বল্পমেয়াদি ভিসায় আসা তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। এসব এলাকায় প্রয়োজন অনুযায়ী কর্মী পাওয়ার জন্য ভিসা বাড়ানোর স্পষ্ট সুযোগ থাকা দরকার বলে মনে করে তারা।
কেবল সরকারের নির্ধারিত অগ্রাধিকার দক্ষতার তালিকার ওপর নির্ভর করারও সমালোচনা করেছে কসবোয়া। সংগঠনটির উদাহরণ, কোনো আঞ্চলিক এলাকার রেস্তোরাঁয় দক্ষ রাঁধুনির প্রয়োজন থাকলেও সেই পেশা অগ্রাধিকার তালিকায় না থাকলে কর্মী নিয়োগে সমস্যা হতে পারে।
এ পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ অভিবাসন নীতি নিয়ে একটি নিরপেক্ষ ‘জাতীয় অভিবাসন সম্মেলন’ আয়োজনের আহ্বান জানিয়েছে কসবোয়া। সংগঠনটির দাবি, অভিবাসন নীতি নির্ধারণের জাতীয় আলোচনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত। তাদের মতে, শ্রমবাজারের তথ্য ও বাস্তব চাহিদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলে অর্থনীতি ও কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হবে।



