বসিলার খাল ফিরবে পুরোনো রূপে, মাঠে ৪০০ স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার ৪০ ফুট খাল পুনরুদ্ধারে পাঁচ দিনব্যাপী অভিযান শুরু হয়েছে। দীর্ঘদিনের বর্জ্য, দখল ও পলি জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া খালটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শনিবার (১০ অক্টোবর) এ কর্মসূচি শুরু হয়। খালটি পুনরুদ্ধারের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচির লক্ষ্য খালে জমে থাকা বর্জ্য অপসারণ, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং আশপাশের পরিবেশের উন্নয়ন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও সিটি ব্যাংক পিএলসির সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়ন করছে পরিবেশবিষয়ক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশ।

প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ খালটি একসময় এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। বৃষ্টির পানি প্রবাহের পাশাপাশি খালটি স্থানীয় প্রাকৃতিক পরিবেশ ও জলজ প্রাণীর আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ ছিল। তবে দ্রুত নগরায়ণ, বর্জ্য ফেলা, দখল ও পলি জমার কারণে ধীরে ধীরে খালটির স্বাভাবিক কার্যকারিতা কমে যায়। একপর্যায়ে এটি দূষণ ও জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা মনির উদ্দিন বলেন, একসময় এই খালে নৌকা চলাচল করত। কিন্তু বর্তমানে খালটি হারিয়ে যেতে বসেছিল। পুনরুদ্ধারের কাজ শুরু হওয়ায় তারা আনন্দিত। খালটি আগের রূপ ফিরে পাবে বলে আশা করছেন তারা।

আরেক বাসিন্দা মোহাম্মদ হাফিজ বলেন, খালটি পরিষ্কার থাকলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। বর্তমানে এটি মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। খাল পুনরুদ্ধার করা হলে মশার উপদ্রব ও এ কারণে সৃষ্ট দুর্ভোগ কমবে বলে আশা করছেন তিনি।

ফুটস্টেপস বাংলাদেশের লোকাল ইমপ্যাক্ট অ্যান্ড আউটরিচ লিড সৈয়দ রিদওয়ান মুহাম্মদ ঋত্বিক জানান, এ উদ্যোগে ৪০০ জনের বেশি স্বেচ্ছাসেবক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। খালে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং আশপাশের পরিবেশের উন্নয়নই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি আরও জানান, খালের পরিবেশ রক্ষায় এর পাড় ঘেঁষে হাঁটার পথ তৈরির পরিকল্পনা রয়েছে। সংস্কারকাজ শেষে এক বছরের জন্য খালটির দেখভালের দায়িত্ব পালন করবে ফুটস্টেপস বাংলাদেশ। অন্যদিকে, সংগৃহীত বর্জ্য অপসারণে সহায়তা করবে ডিএনসিসি।

মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সভাপতি ওসমান গনি শাহজাহান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল ও নদী উদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এরই অংশ হিসেবে বসিলার এ খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, খাল পরিষ্কার করা পুনরুদ্ধারের প্রাথমিক ধাপ। দীর্ঘমেয়াদে খালটির স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দখল প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

স্থানীয় বাসিন্দাদেরও খাল রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। খাল ও নালায় গৃহস্থালির বর্জ্য ফেলা বন্ধ করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে এ উদ্যোগের স্থায়ী সুফল নিশ্চিত করা সম্ভব।

উদ্যোক্তাদের প্রত্যাশা, বসিলার ৪০ ফুট খাল পুনরুদ্ধারের এ কর্মসূচি শুধু একটি জলপথ পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং রাজধানীর অন্যান্য খাল রক্ষা ও পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।