বৈধ অভিবাসনে একসাথে কাজ করবে বাংলাদেশ-লন্ডন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬
ভিসা জালিয়াতি, অনিয়মিত অভিবাসন ও অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ দমনে সহযোগিতা জোরদার করতে নতুন যৌথ কাঠামো গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও লন্ডন। এর আওতায় দুই পক্ষ তথ্য আদান-প্রদান, সমন্বিত কার্যক্রম এবং নিয়মিত বৈঠকের মাধ্যমে অভিবাসন-সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ করবে।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ১১ অক্টোবর ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
হাইকমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কাঠামোর আওতায় নথি জালিয়াতি, ভিসা প্রতারণা, অনিয়মিত অভিবাসন এবং অভিবাসন-সংক্রান্ত অন্যান্য সংঘবদ্ধ অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও দমনে নিবিড়ভাবে কাজ করবে দুই পক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারিত্ব বাংলাদেশ ও লন্ডনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। একই সাথে অভিবাসনপ্রত্যাশীদের প্রতারণা ও শোষণ করে লাভবান হওয়া অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ অবস্থানেরও প্রকাশ।
নতুন সমঝোতার আওতায় নিয়মিত তথ্য আদান-প্রদান ও কার্যক্রমভিত্তিক সহযোগিতা বাড়ানো হবে। পাশাপাশি অগ্রগতি মূল্যায়ন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করবে দুই পক্ষ।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং জনগণের মধ্যে গভীর সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও লন্ডনের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে উঠেছে।
তিনি বলেন, এই চুক্তি সেই সব সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে দুই পক্ষের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যারা আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসন প্রক্রিয়াকে ব্যবহার করে মানুষকে শোষণ করতে চায়।
সারাহ কুক আরও বলেন, ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দুই পক্ষ অভিবাসন-সংক্রান্ত অপরাধ মোকাবিলা, বৈধ অভিবাসন উৎসাহিত করা এবং প্রতারণা, পাচার ও শোষণ থেকে ব্যক্তি ও পরিবারকে সুরক্ষার প্রচেষ্টা জোরদার করবে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ভুয়া ভিসা, জাল কাগজপত্র, মানব পাচার ও অনিয়মিত অভিবাসনের মতো ঘটনা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



