বাংলাদেশির মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণের বোঝা প্রায় তিন গুণ বেড়েছে। ২০১৫ সালে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৭ কোটি ডলার। ২০২৫ সালের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি ডলারে। ডলারের বিনিময়মূল্য ১২৫ টাকা হিসাবে দেশটির মোট বৈদেশিক ঋণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শেষে নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৬ ডলার।
বিশ্বব্যাংকের প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার ভিত্তিতে মাথাপিছু ঋণের হিসাব করা হয়েছে। তবে এটি প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত দায় নয়, বরং দেশের মোট বৈদেশিক ঋণের গড় হিসাব।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক ঋণের বড় অংশ এসেছে বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে বাংলাদেশের মোট ঋণ ৫ হাজার ১১৪ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছে ২ হাজার ২৬৩ কোটি এবং এডিবির কাছে ১ হাজার ৭৫১ কোটি ডলার বকেয়া রয়েছে।
এ ছাড়া জাপান, চীন, ভারত ও রাশিয়াসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ঋণদাতা দেশের কাছে বাংলাদেশের ঋণ রয়েছে ৩ হাজার ২৬৪ কোটি ডলার। সরকারি ঋণের পাশাপাশি বেসরকারি খাতের বিদেশি ঋণ প্রায় ১ হাজার কোটি ডলার। স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ রয়েছে প্রায় দেড় হাজার কোটি ডলার।
ঋণের পরিমাণ বাড়লেও পরিশোধ সক্ষমতার কয়েকটি সূচকে বাংলাদেশের অবস্থান তুলনামূলক সহনীয় বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, মোট জাতীয় আয়ের (জিএনআই) তুলনায় বৈদেশিক ঋণের অনুপাত দাঁড়িয়েছে ২৪ শতাংশ, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। অন্যদিকে রপ্তানি আয়ের বিপরীতে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের অনুপাত কমে ১৬ শতাংশে নেমেছে। অর্থাৎ রপ্তানি থেকে প্রতি ১০০ ডলার আয়ের মধ্যে ১৬ ডলার ঋণের কিস্তি ও সুদ পরিশোধে ব্যয় হচ্ছে।
এদিকে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণও দ্রুত বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ১১০ কোটি ডলার পরিশোধ করে। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে ২০১ কোটি ডলার এবং ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৩০০ কোটি ডলারে পৌঁছায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছে প্রায় ৪৫০ কোটি ডলার। অর্থাৎ ১৪ বছরের ব্যবধানে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে চার গুণের বেশি।
আগামী দিনগুলোতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়তে পারে। কারণ, বড় কয়েকটি অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের ঋণের আসল ও সুদ পরিশোধের সময় ঘনিয়ে আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হবে। এসব ঋণের বড় অংশ জাপানকে পরিশোধ করতে হবে। অন্যদিকে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল ও মেট্রো রেল প্রকল্পের ঋণ পরিশোধ ইতোমধ্যে শুরু হয়েছে।



