অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ডলার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা। আগের মাস সেপ্টেম্বরের তুলনায় প্রবাসী আয় কিছুটা বেড়েছে। তবে টানা পাঁচ মাস ধরে রেমিট্যান্স ৩০০ কোটি ডলারের নিচে থাকায় অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। আগের মাস সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
তবে অক্টোবরের আয় নিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসসহ টানা পাঁচ মাস রেমিট্যান্স ৩০০ কোটি ডলারের নিচে থাকল। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস দেশে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সদ্যবিদায়ী অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ লাখ ১০ হাজার ডলার।
অক্টোবরে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
এর আগে গত সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে।
২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা এবং ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের ধাক্কা লাগেনি। তবে টানা পাঁচ মাস ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স আসার ধারাবাহিকতা পর্যবেক্ষণ করা প্রয়োজন।



