মালয়েশিয়া যেতে না পেরে ইস্কাটনে মানববন্ধন, আটক ১
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
এজেন্সির মাধ্যমে জনপ্রতি পাঁচ থেকে ছয় লাখ টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা ঢাকায় মানববন্ধন করেছেন। তবে পুলিশ বাধা দিলে মানববন্ধনটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মোহসিন নামে বরিশালের এক যুবককে আটক করে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এ মানববন্ধন করেন মালয়েশিয়াগামী ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা জানান, ২০২৪ সালের ৩১ মে কলিং ভিসা ও ই-ভিসা পাওয়ার পরও তারা মালয়েশিয়া যেতে পারেননি। ওই সময় মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জনের তালিকায় তাদের নাম ছিল না। তবে পরবর্তী সময়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করলে তাদের মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দেওয়া হয়।
কিন্তু প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাননি তারা। অন্যদিকে, এজেন্সির মাধ্যমে জনপ্রতি পাঁচ থেকে ছয় লাখ টাকা জমা দিলেও সেই অর্থ ফেরত পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন নিয়ে বিপুল পরিমাণ অর্থ জমা দিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে পরিবারগুলো।
ভুক্তভোগীরা জানান, গত ২৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেও কোনো সাড়া পাননি তারা। এর পরিপ্রেক্ষিতে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং হয় মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা, নয়তো এজেন্সির কাছে জমা দেওয়া টাকা ফেরতের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাধা দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় মোহসিন নামে বরিশালের এক যুবককে আটক করা হয়।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দ্রুত তাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করতে হবে। তা সম্ভব না হলে এজেন্সির কাছে জমা দেওয়া সম্পূর্ণ অর্থ ফেরত নিশ্চিত করতে হবে।
বিদেশে কর্মসংস্থানের আশায় অর্থ জমা দিয়েও অনিশ্চয়তায় থাকা এসব কর্মী দ্রুত সমস্যার সমাধানে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।



