বিদেশফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক: অর্থমন্ত্রী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
বিদেশফেরত প্রবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিন পর্যায়ে মোট ৩ হাজার কোটি টাকা প্রাক্-অর্থায়ন ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য এ ঋণ দেওয়া হয়েছে। গ্রাহক পর্যায়ে এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ঋণ কর্মসূচি চালু রেখেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনে ঋণ সহায়তা দিয়ে আসছে।
তিনি জানান, বিদেশফেরত প্রবাসীদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রতি পর্যায়ে ১ হাজার কোটি টাকা করে তিন পর্যায়ে মোট ৩ হাজার কোটি টাকা প্রাক্-অর্থায়ন ঋণ দিয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, এ কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়ন হয়েছে। বর্তমানে তৃতীয় পর্যায়ের বাস্তবায়ন চলছে। এ ঋণের মাধ্যমে বিদেশগমনেচ্ছু ও বিদেশফেরত প্রবাসীদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের সুযোগ তৈরি হয়েছে। প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন এ ঋণ সুবিধা নিয়েছেন।
এ ছাড়া সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, চিহ্নিত করা ও অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান অর্থমন্ত্রী। এ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তারা চাহিদা ও মূল্যায়ন সাপেক্ষে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদানসহ মোট ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ পাচ্ছেন। কর্মসূচিটি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।



