অস্ট্রেলিয়ায় কাজ ও থাকার সুযোগ বাড়ছে
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬
অস্ট্রেলিয়ায় ওয়ার্কিং হলিডে ভিসায় বিদেশি তরুণদের কাজ ও বসবাসের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। তবে দ্বিতীয় ও তৃতীয় বছরের ভিসা পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় এসব ভিসার জন্য নিবন্ধন ও আমন্ত্রণভিত্তিক পদ্ধতি চালু হবে। একই সাথে তৃতীয় বছরের ভিসার সুযোগ ৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হয়েছে।
১৭ নভেম্বর প্রকাশিত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে দ্বিতীয় বছরের ভিসার জন্য ৪৫ হাজার এবং তৃতীয় বছরের ভিসার জন্য ২৫ হাজার জায়গা রাখা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে আগ্রহী আবেদনকারীদের নিবন্ধন শুরু হবে। প্রথম দফার আমন্ত্রণ ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি পাঠানোর পরিকল্পনা রয়েছে। আমন্ত্রণ পাওয়া আবেদনকারীরা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আঞ্চলিক এলাকায় কাজের সময় বাড়ছে
নতুন নিয়মে দ্বিতীয় বছরের ভিসা পাওয়ার জন্য নির্দিষ্ট আঞ্চলিক এলাকায় কাজের সময়সীমা বাড়ানো হচ্ছে। ২০২৭ সালের ১ মার্চ থেকে এ ভিসার জন্য তিন মাসের পরিবর্তে চার মাস নির্দিষ্ট এলাকায় কাজ করতে হবে। তবে তৃতীয় বছরের ভিসার জন্য ছয় মাস নির্দিষ্ট এলাকায় কাজ করার আগের শর্ত বহাল থাকবে।
নতুন নিবন্ধন ও আমন্ত্রণপ্রক্রিয়া থেকে যুক্তরাজ্যের পাসপোর্টধারীদের ছাড় দেওয়া হবে। ফলে তাঁদের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী আবেদন করার সুযোগ থাকবে।
এদিকে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত যেসব আবেদনকারী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বৈধ আবেদন জমা দিতে পারবেন, তাঁদের জন্য আগের নিয়মে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
কৃষি ও পর্যটন খাতে কর্মী নিশ্চিতের উদ্যোগ
অস্ট্রেলিয়া সরকারের মতে, নতুন ব্যবস্থার উদ্দেশ্য হলো কৃষি, পর্যটন ও আতিথেয়তা খাতে কর্মীর চাহিদা বজায় রাখা এবং ভিসা কর্মসূচিকে আরও সুশৃঙ্খল করা। নিবন্ধন ও আমন্ত্রণভিত্তিক পদ্ধতির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে নির্বাচনপ্রক্রিয়া পরিচালনা করা হবে।
বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?
বাংলাদেশি চাকরিপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে মেকার কর্মসূচিতে অংশ নিতে নির্দিষ্ট অংশীদার দেশের পাসপোর্ট থাকতে হয়। বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে এ কর্মসূচির আওতাভুক্ত দেশের তালিকায় নেই।
তাই নতুন নিয়মে ভিসার সংখ্যা বাড়ানো হলেও বাংলাদেশি পাসপোর্টধারীরা সরাসরি এ সুবিধার আওতায় আসছেন না। এ পরিবর্তনকে বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় কাজের নতুন ভিসার সুযোগ হিসেবে বিবেচনা করার অবকাশ নেই।



