ভিসার আবেদনে মিথ্যা তথ্য, কানাডায় যেতে বড় বিপদ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

কানাডায় ভিসা কিংবা অভিবাসনের আবেদনে জাল নথি, মিথ্যা তথ্য বা পরিবর্তিত কাগজপত্র জমা দিলে অন্তত পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আবেদনকারীরা। একই সঙ্গে আবেদন বাতিল, অভিবাসন জালিয়াতির স্থায়ী রেকর্ড তৈরি এবং গুরুতর ক্ষেত্রে কারাদণ্ড ও জরিমানার শাস্তিও হতে পারে। এ বিষয়ে সতর্ক করেছে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি)।

আইআরসিসির নির্দেশনা অনুযায়ী, অভিবাসন আবেদনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা কিংবা জাল ও পরিবর্তিত নথি জমা দেওয়া ‘মিসরিপ্রেজেন্টেশন’ বা তথ্যের ভুল উপস্থাপন হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের অনিয়মের মধ্যে রয়েছে জাল পাসপোর্ট, ভিসা, চাকরির প্রমাণপত্র, নিয়োগপত্র, শিক্ষাগত সনদ, ডিগ্রি, প্রশিক্ষণসংক্রান্ত কাগজপত্র, জন্ম ও বিবাহের সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়া।

শুধু আবেদনকারী নিজে নয়, তাঁর পক্ষে কোনো প্রতিনিধি বা পরামর্শক আবেদনপত্র পূরণ করলেও জমা দেওয়া তথ্যের দায় আবেদনকারীকেই নিতে হবে। ফলে কোনো এজেন্টের পরামর্শে ভুল তথ্য কিংবা জাল কাগজপত্র জমা দিলেও দায় এড়ানোর সুযোগ নেই।

আইআরসিসি জানিয়েছে, আবেদনে জাল নথি বা মিথ্যা তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে। পাশাপাশি আবেদনকারীকে অন্তত পাঁচ বছরের জন্য কানাডায় প্রবেশে অযোগ্য ঘোষণা, অভিবাসন জালিয়াতির স্থায়ী রেকর্ড তৈরি, বিদ্যমান অভিবাসন মর্যাদা বাতিল কিংবা কানাডা থেকে বহিষ্কারের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। নাগরিকত্বের আবেদনেও প্রতারণার প্রমাণ মিললে পাঁচ বছর পর্যন্ত নাগরিকত্বের জন্য আবেদন করার ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।

কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইনের ১২৭ ধারায় জেনেশুনে গুরুত্বপূর্ণ তথ্য বিকৃত করা, গোপন করা কিংবা অভিবাসনপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে এমন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। আইনের ১২৮ ধারায় অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা ১ লাখ কানাডীয় ডলার জরিমানার বিধান রয়েছে। সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার কানাডীয় ডলার জরিমানা হতে পারে।

এদিকে অভিবাসনপ্রক্রিয়ায় প্রতারণা ও অননুমোদিত পরামর্শকের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে কানাডা সরকার। গত ২৮ অক্টোবর প্রকাশিত আইআরসিসির এক ঘোষণায় অর্থের বিনিময়ে অনুমোদন ছাড়া অভিবাসন পরামর্শ দেওয়া কিংবা আবেদনকারীর পক্ষে জেনেশুনে মিথ্যা তথ্য সরবরাহে সহায়তার জন্য নতুন আর্থিক জরিমানার কথা জানানো হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের জরিমানা সর্বোচ্চ ১৫ লাখ কানাডীয় ডলার পর্যন্ত হতে পারে।

কানাডায় পড়াশোনা, চাকরি কিংবা স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করা বিদেশিদের আবেদন জমা দেওয়ার আগে সব নথির সত্যতা ও তথ্যের নির্ভুলতা যাচাই করার পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বিশেষ করে কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করলে জমা দেওয়া প্রতিটি কাগজপত্র ও তথ্য নিজে পরীক্ষা করা জরুরি। কারণ, ভিসা পাওয়ার আশায় জাল নথি ব্যবহার কিংবা ভুল তথ্য দেওয়ার কারণে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য কানাডায় প্রবেশের সুযোগ হারাতে পারেন আবেদনকারীরা।