নিষেধাজ্ঞা লঙ্ঘন ও জালিয়াতি, হুয়াওয়ের বিরুদ্ধে আদালতের রায়
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং এর তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে বাণিজ্যিক গোপন তথ্য চুরি, ব্যাংক জালিয়াতি ও আমেরিকার নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালতের জুরি বোর্ড। তবে সংঘবদ্ধ অপরাধের ষড়যন্ত্র এবং বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ থেকে খালাস পেয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতে এ রায় ঘোষণা করা হয়। ১২টি ফৌজদারি অভিযোগের মধ্যে ১০টিতে দোষী সাব্যস্ত হয়েছে হুয়াওয়ে। আমেরিকার বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মামলাটির বিচার চলে ১২ সপ্তাহ ধরে।
আমেরিকার অভিযোগ, হুয়াওয়ে কয়েক দশক ধরে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের বাণিজ্যিক গোপন তথ্য ও প্রযুক্তি চুরি করেছে। পাশাপাশি ইরানে ব্যবসায়িক কার্যক্রমের তথ্য গোপন করে ব্যাংক থেকে ঋণ ও আর্থিক সুবিধা নিয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য এবং সরকারি কর্মকর্তাদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও আনা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
মামলায় হুয়াওয়ের মূল প্রতিষ্ঠানের পাশাপাশি চীনের হুয়াওয়ে ডিভাইস কোম্পানি এবং আমেরিকাভিত্তিক ফিউচারওয়েই টেকনোলজিস ও হুয়াওয়ে ডিভাইস ইউএসএকেও আসামি করা হয়। বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে।
২০১৯ সালের জানুয়ারিতে প্রথম হুয়াওয়ের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে আমেরিকার বিচার বিভাগ। পরে অভিযোগের পরিধি বাড়ানো হয়।
তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির আইনজীবীরা দাবি করেন, সরকার পর্যাপ্ত প্রমাণ ছাড়াই অভিযোগ এনেছে। তাঁদের ভাষ্য, কয়েকজন সাবেক কর্মীর বক্তব্য ও বিচ্ছিন্ন কিছু ঘটনার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বড় ধরনের অপরাধের অভিযোগ দাঁড় করানো হয়েছে।
রায়ের পর হুয়াওয়ে জানায়, সংঘবদ্ধ অপরাধের অভিযোগ থেকে খালাস পাওয়ায় তাদের অবস্থান সঠিক প্রমাণিত হয়েছে। বাকি অভিযোগগুলোর বিরুদ্ধেও আইনি লড়াই চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।
দোষী সাব্যস্ত হওয়ায় হুয়াওয়ে ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা, সম্পদ বাজেয়াপ্ত এবং ক্ষতিপূরণ দেওয়ার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে। আগামী ২০২৭ সালের সেপ্টেম্বরে সাজা ঘোষণার কথা রয়েছে।
সূত্র: ইউরোনিউজ, আমেরিকার বিচার বিভাগ ও অ্যাসোসিয়েটেড প্রেস।



