জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা এবং জামায়াতের অতীত ভূমিকার প্রসঙ্গ তুলে দেশটির ইহুদি ও হিন্দু সংগঠনগুলো তাঁর অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে শফিকুর রহমানকে কেন ভিসা দেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। পরে দ্য অস্ট্রেলিয়ান ও টাইমস অব ইসরায়েলও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, পাঁচ দিনের সফরে ২০ নভেম্বর অস্ট্রেলিয়ায় যান শফিকুর রহমান। সফরে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর সঙ্গে কোনো সরকারি প্রতিনিধি বৈঠক করেছেন কি না, তা স্পষ্ট নয়।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে তাঁর সফর নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘বীর’ ও ‘শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন শফিকুর রহমান। হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাঁর জন্য শহীদের মর্যাদা কামনা করেছিলেন তিনি।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। সংগঠন দুটি উল্লেখ করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দলটির সাবেক কয়েকজন নেতা দণ্ডিত হয়েছেন।

এ ছাড়া অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) ২১ নভেম্বর সিডনিতে এক মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আতিথ্য দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তাঁকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং কোনো সরকারি প্রতিনিধি তাঁর সাথে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, সাবেক ইসরায়েলি বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করা হয়েছে। সামাজিক সংহতি ও বিভাজন সৃষ্টির আশঙ্কায় তাঁদের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও হামাস নেতাদের প্রশংসা করেছেন—এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হলো, সে প্রশ্ন তোলেন তিনি।

অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, নির্যাতন, অগ্নিসংযোগ, অপহরণ ও লুটপাটের ঘটনায় উগ্রপন্থিদের ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে। এসব ঘটনার প্রতি সমর্থন জানানো বা নীরব থাকা ব্যক্তিদের স্বাগত জানালে অস্ট্রেলিয়ার সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে অস্ট্রেলিয়ার অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন শফিকুর রহমানের ভিসা বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে আবেদন করেছেন বলে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়। তাঁর অভিযোগ, জামায়াত আমির অস্ট্রেলিয়ার চরিত্রগত যোগ্যতার শর্ত পূরণ করেন না এবং তাঁর উপস্থিতি দেশটির সামাজিক সংহতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

সালোমন দ্য অস্ট্রেলিয়ানকে বলেন, টনি বার্ক আগে ভিসা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের অতীত আরও সতর্কভাবে যাচাইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকার মধ্যে লাকেম্বা ও ব্যাংকসটাউন রয়েছে উল্লেখ করে স্বার্থের সংঘাতের অভিযোগও তোলেন সালোমন।

ডেইলি মেইল জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে তারা। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া গেছে কি না, প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি।