বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাতে পারে আমেরিকা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে চালানো বিশেষ তদন্তের ভিত্তিতে এ শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন শুল্ক কার্যকর হলে আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির ব্যয় আরও বাড়তে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আমেরিকার সময় মঙ্গলবার বিকেলে অথবা বাংলাদেশ সময় বুধবার রাতে তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, আমেরিকার ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন। এসব দেশের চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন এবং বিশ্ববাজারে সেই পণ্য সরবরাহের বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলো থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করেন। ওই শুল্কের আংশিক বিকল্প হিসেবে নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রভাবে আমেরিকায় বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।
যেভাবে নির্ধারিত হতে পারে শুল্কের হার
নতুন করে কী হারে শুল্ক আরোপ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় আমেরিকার অন্যতম বড় বাণিজ্যিক অংশীদারদের বেশির ভাগের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার দাবি করে গত মার্চে এই তদন্ত শুরু করে সংস্থাটি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে, তা মেনে চলতে পারে হোয়াইট হাউস। এসব চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপের সীমা রয়েছে।
চীনের পণ্যের ক্ষেত্রেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া আমেরিকা-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়ানো হলে এই সীমা কার্যকর থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে শুল্কের হার আরও বাড়তে পারে।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস। তবে দেশটির বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। সেখানে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য আলাদা আলাদা শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।
আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে থেকেই আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে।
তবে ট্রাম্প প্রশাসন চাইলে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে বলে মনে করেন মাজেরাস। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমানোর পদক্ষেপ নিতে বলা হতে পারে। তা না হলে ধাপে ধাপে শুল্কের হার বাড়ানোর শর্ত দেওয়া হতে পারে।
যেসব দেশের বিরুদ্ধে তদন্ত
অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে আমেরিকার এই তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নও রয়েছে এই তালিকায়।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। রয়টার্স বলছে, গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি।
এই দুই তদন্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তার ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহাল করতে চায়। গত ফেব্রুয়ারিতে আমেরিকার সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করেছিলেন।
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার জন্য চীনকে সবচেয়ে বড় দায়ী হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, চীন অতিরিক্ত উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে সরবরাহ করে বাজার সয়লাব করে দিচ্ছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগও এই তদন্তের অন্যতম লক্ষ্য। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে কারখানা স্থাপন করে আমেরিকার বাজারের জন্য পণ্য তৈরি করছে চীনা প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে আগের শুল্ক এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করে ওয়াশিংটন।
আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া আমেরিকা-চীন বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও রয়েছে।
এদিকে চীনের সব আমদানি পণ্যের ওপর ইতোমধ্যে জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ১২ দশমিক ৫ শতাংশ আরোপ করেছে আমেরিকা। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে আর মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।



