সবুজ উইকেটে চোখ শাহিন আফ্রিদির: মিরপুর টেস্টে প্রস্তুত পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ৬, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরের ‘সবুজ উইকেটে’ চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে পাকিস্তান। আজ বুধবার (৬ মে) মিরপুরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানি গতিদানব শাহিন শাহ আফ্রিদি স্পষ্ট জানালেন, তাদের লক্ষ্য কেবল এই সিরিজ জয় নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা।
আগামী ৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সাধারণত মিরপুরের উইকেট স্পিন-সহায়ক হলেও এবার সেখানে দেখা যাচ্ছে ঘাসযুক্ত সবুজ পিচ। এই কন্ডিশন দেখে উচ্ছ্বাস প্রকাশ করে শাহিন আফ্রিদি বলেন, “বাংলাদেশ সাধারণত স্পিন ট্র্যাক বানালেও এবার পিচ সবুজ। আমাদের বোলাররা এই চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত। আমরা এই কন্ডিশন কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে নিতে চাই।”
গত টেস্ট চক্রে নিজেদের মাটিতে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। তবে সেই অতীত নিয়ে মাথা ঘামাতে নারাজ শাহিন। তিনি বলেন, “অতীত অতীতই। ব্যক্তিগতভাবে আমি পেছনে তাকাতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা শুধু একটি সিরিজ নয়, বরং টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল ও ফাইনালের কথা মাথায় রেখে মাঠে নামব।”
নিজেদের কন্ডিশনে বাংলাদেশ সব সময় শক্তিশালী প্রতিপক্ষ স্বীকার করলেও, নিজেদের প্রস্তুতির ওপর অগাধ আস্থা প্রকাশ করেছেন এই বাঁহাতি পেসার। দুই দলের মধ্যকার এই লড়াইকে কেন্দ্র করে মিরপুরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।



