আলিসের হ্যাটট্রিক, মাহফিজুলের সেঞ্চুরিতে জমজমাট ডিপিএল

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

ঢাকা প্রিমিয়ার লিগে আজকের দিনটি ছিল পুরোপুরি বোলারদের দখলে। ব্যাটারদের নাভিশ্বাস তুলে দিনের ছয় ম্যাচে চারজন বোলার নিয়েছেন পাঁচ বা তার বেশি উইকেট।

সবচেয়ে আলোচিত পারফরম্যান্স এসেছে আলিস আল ইসলামের কাছ থেকে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই স্পিনার ৬ উইকেট নেওয়ার পথে করেছেন হ্যাটট্রিকও। অন্যদিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর পেস তোপে বিধ্বস্ত হয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স।

রাব্বির ঘূর্ণিতে আবাহনীর টানা দ্বিতীয় জয়

আবাহনী লিমিটেড টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির ৪ নম্বর মাঠে ১৪৮ রানের লক্ষ্য ১৪৬ বল হাতে রেখেই ৮ উইকেটে জিতে নেয় আবাহনী।

জয়ে বড় অবদান রাখেন সৌম্য সরকার, যিনি করেন ৬৫ রান। তবে ম্যাচের ভিত গড়ে দেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। তিনি ৫ উইকেট নিয়ে রূপগঞ্জকে গুটিয়ে দেন কম রানেই। পরে ম্যাচসেরাও হন তিনি।

মৃত্যুঞ্জয়ের আগুনে পেসে উড়ে গেল বসুন্ধরা

মোহামেডান স্পোর্টিং ক্লাব টানা চতুর্থ জয় পেয়েছে আজ। বসুন্ধরা স্ট্রাইকার্সকে ১০ উইকেটে হারিয়েছে তারা।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৮০ রানেই অলআউট হয় বসুন্ধরা। ২২ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মৃত্যুঞ্জয় চৌধুরী। পরে রান তাড়ায় নেমে এনামুল হক বিজয় অপরাজিত ৫০ এবং নাঈম শেখ ৩১ রান করে সহজ জয় নিশ্চিত করেন।

আলিসের হ্যাটট্রিকে প্রাইম ব্যাংকের দাপট

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টানা চতুর্থ জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রান তোলে প্রাইম ব্যাংক। ওপেনার শাহাদাত হোসেন দিপু করেন ৭১ রান, আজিজুল হাকিম তামিম করেন ৭৮ এবং শামীম হোসেন পাটোয়ারি অপরাজিত থাকেন ৫১ রানে।

রান তাড়ায় নেমে আলিস আল ইসলামের ঘূর্ণিতে ১০৫ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ। ২২তম ওভারের শেষ দুই বলে মাহফুজুল ইসলাম ও আরিদুল ইসলামকে আউট করার পর নিজের পরের ওভারের প্রথম বলে মোহাম্মদ রুবেলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই স্পিনার।

সৈকত আলীর ব্যাটে জয়ে ফিরল লেওপার্ডস

ঢাকা লেওপার্ডস ৬ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সৈকত আলীর অপরাজিত ৮৮ রানের ইনিংসে ভর করে ৯২ বল হাতে রেখেই জয় তুলে নেয় লেওপার্ডস। ৭ ছক্কা ও ২ চারে সাজানো ইনিংসটির জন্য ম্যাচসেরা হন তিনি।

মাহফিজুলের সেঞ্চুরিতে অগ্রণীর বড় জয়

দিনের একমাত্র সেঞ্চুরি এসেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার মাহফিজুল ইসলামের ব্যাট থেকে।

অগ্রণী ব্যাংকের হয়ে তিনি অপরাজিত ১২৭ রান করেন। ১০ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটিতে ভর করে দল ৭ উইকেটে তোলে ২৯৩ রান।

বৃষ্টি আইনে ২২৩ রানের লক্ষ্য পেয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৪৫ রানের বেশি করতে পারেনি। ফলে ৭৭ রানের বড় জয় পায় অগ্রণী। ম্যাচসেরা হন মাহফিজুল।

অবশেষে জয়ের দেখা পেল ব্রাদার্স

টানা তিন হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে ব্রাদার্স ইউনিয়ন। বৃষ্টি আইনে সিটি ক্লাবকে ২৬ রানে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাট করে সিটি ক্লাব তোলে ২০৪ রান। জবাবে ব্রাদার্স ৪ উইকেটে ১৫০ রান তুলতেই নামে বৃষ্টি। পরে আর খেলা না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় পায় ব্রাদার্স।

দলের হয়ে জাহিদুজ্জামান করেন ৫৮ এবং আদিল বিন সিদ্দিক করেন ৫৭ রান। আর ৩১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মিডিয়াম পেসার গোলাম কবির।