মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’
খেলা ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
সপ্তাহখানেক আগে এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঝলক দেখানোর পর অবশেষে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেল ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’।
কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক বুর্না বয়-এর কণ্ঠে গাওয়া এই গানটি বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে গানটির টিজার পরিবেশনা হয়, যা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশ করে ফিফা জানায়, এই গান থেকে পাওয়া রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ নিশ্চিত করতে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইম শোতে সংগীত পরিবেশনায় থাকবেন বিশ্ব তারকা ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস, যা আয়োজনকে আরও জমকালো করে তুলবে।
বিশ্বকাপে শাকিরা নতুন নন। ২০১০ সালের আইকনিক “ওয়াকা ওয়াকা” থিম সংসহ একাধিক বিশ্বকাপে তিনি পারফর্ম করেছেন, যা তাকে ফুটবল বিশ্বে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে।



