দ্রুততম মানব ইমরানুর, দ্রুততম মানবী শিরিন

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে ট্র্যাকে দাপট দেখালেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান এবং দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর ইমরানুর রহমান ১০.৫৮ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন অতিক্রম করেন। একই ইভেন্টে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন তারই সতীর্থ মোহাম্মদ ইসমাইল।

অন্যদিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.১০ সেকেন্ড সময় নিয়ে শিরিন আক্তার সবার আগে দৌড় শেষ করে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেন। এর মাধ্যমে তিনি আগের হারানো মুকুট ফিরে পান।

গতবারের চ্যাম্পিয়ন সুমাইয়া আক্তার এবার পিছিয়ে পড়ে চতুর্থ হন। এই জয়ের মধ্য দিয়ে শিরিন আক্তার ক্যারিয়ারে ১৭তমবারের মতো দ্রুততম মানবীর খেতাব অর্জন করেন, যা দেশের সাবেক স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির সমান রেকর্ড।

এবারের জাতীয় অ্যাথলেটিকসে মোট ৪০টি ইভেন্টে ৪৫টি সংস্থার ৪১০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩১২ জন পুরুষ ও ৯৮ জন নারী প্রতিযোগী রয়েছেন। জাতীয় স্টেডিয়ামে মাঠ সংস্কার কাজ চলায় থ্রো ইভেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে আর্মি স্টেডিয়ামে এবং ম্যারাথন ইভেন্ট অনুষ্ঠিত হবে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায়।