বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও নেইমারের একাদশে থাকা অনিশ্চিত
খেলা ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
বিশ্বকাপে নেইমার খেলবেন কি না—গত কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ায় এ নিয়েই ছিল তুমুল আলোচনা। চোট, অস্ত্রোপচার, ফিটনেস সংকট আর নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে দলে থাকলেও শুরুর একাদশে তার জায়গা নিশ্চিত নয় বলে স্পষ্ট জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। সেখানে সবচেয়ে বেশি করতালিতে ভেসে আসে নেইমার জুনিয়রের নাম। ২০২৩ সালের পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন ব্রাজিলের এই মহাতারকা।
২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়েন নেইমার। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। ছোট ছোট চোট এবং ফর্মহীনতার কারণে সাম্প্রতিক বেশ কয়েকটি ম্যাচেও তাকে দলে রাখেননি আনচেলত্তি। ফলে বিশ্বকাপ স্কোয়াডে তার সুযোগ পাওয়া নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
সৌদি আরবের অধ্যায় শেষ করে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। সেখানে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আবারও জাতীয় দলের দরজা খুলে নেন তিনি। এবারই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন এই ফরোয়ার্ড।
দল ঘোষণার পর আনচেলত্তি বলেন, “আমরা পুরো বছরজুড়ে নেইমারের অবস্থা পর্যবেক্ষণ করেছি। তার ফিটনেস ও ধারাবাহিক খেলার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তবে দলে অন্যদের মতো তারও একই দায়িত্ব থাকবে।”
একাদশে নেইমারের জায়গা নিশ্চিত কি না—এমন প্রশ্নের জবাবে ইতালিয়ান কোচ বলেন, “এখানে খেলার যেমন সম্ভাবনা আছে, তেমনি বেঞ্চেও থাকতে হতে পারে। যদি নেইমার নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই খেলবেন। আমি শুধু তারকা নয়, এমন খেলোয়াড় চাই যারা দলকে জেতাতে সাহায্য করবে।”
স্কোয়াড নিয়ে আগাম সমালোচনা না করার আহ্বান জানিয়ে আনচেলত্তি বলেন, “এটি হয়তো নিখুঁত দল নয়, তবে দলটি হবে পরিশ্রমী, বিনয়ী ও নিঃস্বার্থ। শেষ পর্যন্ত সিদ্ধান্তের দায় আমারই।”
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।



