ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে আদালত জানতে চেয়েছেন, ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ অনুযায়ী হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়ার বিষয়টি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।
ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন। রিটটি করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।
এ ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটে দাবি করা হয়, জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত রাস্তা ও ফুটপাত হকারদের বরাদ্দ দেওয়া নাগরিক অধিকার ও সুশাসনের পরিপন্থী। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



