ডিএসসিসি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর অন্তর্বর্তীকালীন কমিটির নেতারা।
মঙ্গলবার (১৯ মে) নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে আইডিইবির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন, সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নগর ব্যবস্থাপনার উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং নাগরিক ভোগান্তি কমাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আইডিইবি নেতারা সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অন্যদিকে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম নগরবাসীর দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।



