পাকিস্তানকে ধবলধোলাই করে ট্রফি বাংলাদেশের
খেলা ডেস্ক
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
ঘরের মাঠে ক্রিকেটের বনেদি সংস্করণে নতুন এক রূপকথা লিখল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই (হোয়াইটওয়াশ) করে গড়েছে এক অনন্য ইতিহাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীদের ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শেষ দিনে দারুণ লড়াই জমিয়ে তুলেছিল পাকিস্তান। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের জুটি বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়াচ্ছিল। তবে শেষ দিনে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের।
বিপজ্জনক হয়ে ওঠা সাজিদ খানকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। এরপর সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ানকে ৯৪ রানে প্যাভিলিয়নের পথ দেখান পেসার শরীফুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনে ধস নামান তাইজুল। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ৩৫৯ রানে থামলে উল্লাসে মাতে টাইগাররা।
এই জয়ের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টানা চার ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। পুরো সিরিজে ব্যাট হাতে মুশফিকুর রহিম ও লিটন দাস এবং বল হাতে তাইজুল, মিরাজ ও শরীফুলদের ধারাবাহিক পারফরম্যান্সের ওপর ভর করেই এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ।



