মেয়ের বাবা হিসেবে রামিসার ঘটনা মেনে নিতে পারছেন না লিটন দাস
খেলা ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটার লিটন কুমার দাস। তিনি ঘটনার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে লিটন দাস লেখেন, একজন কন্যাসন্তানের বাবা হিসেবে এই ঘটনা তার কাছে অত্যন্ত কষ্টের এবং হৃদয়বিদারক। কোনো সমাজেই এমন ঘটনা মেনে নেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা জরুরি, যেখানে তারা ভয়হীনভাবে বড় হতে পারে। যেকোনো অন্যায়ের দ্রুত ও সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রামিসার ঘটনায় কোনো বিলম্ব ছাড়াই বিচার সম্পন্ন করতে হবে।
লিটন দাস সবাইকে একত্রিত হয়ে এই ঘটনার বিচার দাবি করার আহ্বান জানান এবং বলেন, এ ধরনের অপরাধের জন্য কঠোরতম শাস্তি নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ট্র্যাজেডি আর না ঘটে।



