বিশ্বকাপের জন্য মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে মরক্কো জাতীয় ফুটবল দল। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে রেখেই এবারের দল সাজিয়েছেন মরক্কোর নতুন কোচ মোহামেদ ওয়াহবি।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোকে শিরোপা জেতানো ওয়াহবি গত মার্চে সিনিয়র দলের কোচের দায়িত্ব নেন। এবার মূল দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন এই মাস্টারমাইন্ড।

কাতার বিশ্বকাপের ৯ তারকা স্কোয়াডে

কাতার বিশ্বকাপের ঐতিহাসিক সাফল্যের স্মৃতি ধরে রাখতে স্কোয়াডে রাখা হয়েছে সেই দলের ৯ জন অভিজ্ঞ ফুটবলারকে। যার মধ্যে রয়েছেন— তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি, গোলরক্ষক ইয়াসিন বুনু, ডিফেন্ডার নাইয়েফ আগুয়ের্দ এবং মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত।

কোচ ওয়াহবি জানিয়েছেন, এই বিশ্বকাপ দল গঠনে তিনি দীর্ঘ সময় ধরে অনেক খেলোয়াড়কে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন। বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্প, আলোচনা এবং সফরের মাধ্যমে সম্ভাব্য ফুটবলারদের পারফরম্যান্স মূল্যায়ন করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

নতুন চমক বুয়াদ্দি, বাদ পড়েছেন বৌফাল

মরক্কো দলে এবারের সবচেয়ে আলোচিত নতুন মুখ ১৮ বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। ফ্রান্সের হয়ে খেলার আন্তর্জাতিক সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তিনি পিতৃভূমি মরক্কোকেই বেছে নিয়েছেন। তরুণ এই তুর্কি সম্পর্কে কোচ ওয়াহবি বলেন, “বুয়াদ্দি খুব দ্রুত সবকিছু রপ্ত করতে পারে এবং তার মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে।”

তবে কাতার বিশ্বকাপের অন্যতম নায়ক অভিজ্ঞ ফরোয়ার্ড সোফিয়ান বৌফাল শেষ পর্যন্ত এবারের স্কোয়াডে জায়গা পাননি। এ বিষয়ে কোচ ওয়াহবি বলেন, “বৌফাল ভালো খেললেও তার পজিশনে আমাদের কাছে আগে থেকেই উপযুক্ত বিকল্প থাকায় এই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে।”

এক নজরে মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ইয়াসিন বুনু, মুনির এল কাজুই, রেদা তাগনাউতি।

রক্ষণভাগ (ডিফেন্ডার): আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই, নাইয়েফ আগুয়ের্দ, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেলাম্মারি, জাকারিয়া এল ওয়াহদি, শাদি রিয়াদ, রেদোয়ানে হালহাল, ইসা দিয়প।

মধ্যমাঠ (মিডফিল্ডার): সোফিয়ান আমরাবাত, আয়ুব বুয়াদ্দি, সামির এল মুরাবেত, নিল এল আইনাউই, আজ্জেদিন উনাহি, বিলাল এল খান্নুস, ইসমাইল সাইবারি।

আক্রমণভাগ (ফরোয়ার্ড): ব্রাহিম দিয়াজ, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, আব্দে এজ্জালজুলি, শেমসদিন তালবি, গেসিম ইয়াসিন, আয়ুব আমাইমুনি।