বাংলাদেশিদের জন্য মিসর দূতাবাসের গুরুত্বপূর্ণ নির্দেশনা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬
মিসরে ভ্রমণের পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস। ২৫ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নিয়ম অনুযায়ী এখন থেকে ট্রানজিট ভিসা ভ্রমণের পূর্বেই দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিসরে ট্রানজিট নেওয়ার জন্য ভ্রমণকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। এর পাশাপাশি ভ্রমণের প্রয়োজেনুযায়ী চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা কিংবা রেসিডেন্স পারমিটও থাকতে হবে। এছাড়া পুরো ভ্রমণ পরিকল্পনায় মিসরকে অবশ্যই অন্য একটি দেশে যাওয়ার পথে ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিসরে প্রবেশের ক্ষেত্রে দেশটির অভিবাসন নীতিমালা পুরোপুরি মেনে চলতে হবে। কোনো ভ্রমণকারী যদি আগে থেকেই দেশটির প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকেন, তবে তাকে কোনোভাবেই মিসরে প্রবেশ করতে দেওয়া হবে না।
দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ট্রানজিট কালীন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে ভ্রমণের পূর্বেই ট্রানজিট ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী ব্যক্তিদের সরাসরি দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



