ভারত, পাকিস্তানসহ ৪০ দেশের নাগরিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬
শ্রীলঙ্কা তাদের পর্যটন খাতকে আরও গতিশীল করতে ভারত ও পাকিস্তানসহ বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে। গত সোমবার (২৫ মে) থেকেই নতুন এই সুবিধা কার্যকর করা হয়েছে।
দেশটির ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় পর্যটকদের এই অন-অ্যারাইভাল ফ্রি ভিসা দেওয়া হবে। তবে সুবিধাটি পেতে শ্রীলঙ্কায় ভ্রমণের আগে পর্যটকদের অবশ্যই অনলাইনে ইটিএ (ETA) অনুমোদন নিতে হবে। নতুন এই নিয়মের আওতায় ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ নির্দিষ্ট ৪০ দেশের নাগরিকরা ৩০ দিনের বিনামূল্যের ট্যুরিস্ট ভিসা পাবেন। এই ভিসার মাধ্যমে ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ দুইবার শ্রীলঙ্কায় প্রবেশ করা যাবে।
শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, কোনো পর্যটক যদি ৩০ দিনের বেশি সময় দেশটিতে অবস্থান করতে চান, তবে তাকে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে এবং সেক্ষেত্রে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অন্যদিকে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মালদ্বীপের নাগরিকরা আগের মতোই ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা সুবিধা পাবেন।
দেশটির সরকার বলছে, পর্যটকদের সংখ্যা বাড়ানো এবং সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা তাদের অর্থনীতি পুনরুদ্ধারের প্রধান মাধ্যম হিসেবে পর্যটন খাতকে বেছে নিয়েছে।
বিনামূল্যে ভিসা সুবিধা পাওয়া ৪০টি দেশের তালিকায় রয়েছে— ভারত, পাকিস্তান, নেপাল, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান, ইরান, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, রাশিয়া, বেলারুশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও তুরস্ক।



