পানামার জালে ব্রাজিলের ৬ গোল
ডেল্টা খেলা
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ১, ২০২৬
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি পর্বটা দুর্দান্তভাবে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে গোল উৎসবে মেতেছিল সেলেসাওরা। প্রীতি ম্যাচে পানামাকে গুনে গুনে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। ব্রাজিলের ৬ গোলের বিপরীতে পানামা দুটি গোল শোধ করতে পেরেছে, যার একটি ছিল আত্মঘাতী।
ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়র গোল করে দলকে এগিয়ে নেন। তবে খেলার ধারার বিপরীতে হঠাৎ একটি ধাক্কা খায় স্বাগতিকরা। পানামার মাইকেল মুরিলোর একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ গোলে সমতা ফেরে। সমতায় ফেরার সেই ধাক্কা অবশ্য দ্রুতই সামলে নেয় ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো দুর্দান্ত এক গোল করে দলকে আবারও লিড এনে দেন। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
বিরতির পর পানামার রক্ষণভাগকে রীতিমতো ধসিয়ে দেন ব্রাজিলের ফরোয়ার্ডরা। দ্বিতীয়ার্ধে একসঙ্গে ১০ জন খেলোয়াড়কে মাঠে নামিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এরপরই শুরু হয় আসল গোল উৎসব। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন তরুণ তুর্কি রায়ান। এরপর লুকাস পাকেতার একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে।
ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার ফিনিশে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার এক টার্ন নিয়ে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে শেষ পেরেকটি ঠোকেন ডিফেন্ডার দানিলো। ম্যাচে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়লেও শেষ দিকে পানামার হার্ভে একটি চোখধাঁধানো দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপিয়ে ব্যবধান কিছুটা কমান (৬-২)।
পুরো ম্যাচে ব্রাজিলের পাসিং ও ক্লিনিক্যাল ফিনিশিংয়ের সামনে পাত্তাই পায়নি পানামা। ম্যাচে ব্রাজিলের মোট শট ছিল ১৪টি এবং এক্সপেক্টেড গোলস (xG) ছিল ২.২৬। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও কৌশল ঝালিয়ে নেওয়ার এই ট্যাকটিক্যাল লড়াইয়ে পুরো স্কোয়াডকেই দারুণভাবে ব্যবহার করেছেন সেলেসাও বস।
পানামার বিপক্ষে এই দাপুটে জয়ের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে তাদের আসল মিশন। আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।



