প্রশিক্ষণের বদলে ‘সস্তা শ্রম’, অস্ট্রেলিয়াজুড়ে নজিরবিহীন তল্লাশি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ১, ২০২৬
অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের আড়ালে বিদেশি কর্মীদের দিয়ে সাধারণ শ্রমিকের মতো খাটানো এবং ভিসার শর্ত ভেঙে কম খরচে জনবল নিয়োগের অভিযোগে দেশজুড়ে নজিরবিহীন যৌথ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স (এবিএফ) ও স্বরাষ্ট্র বিভাগ। মূলত দেশটির ‘সাবক্লাস ৪০৭’ বা ট্রেনিং ভিসার অপব্যবহার ঠেকাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চার মাসব্যাপী এই অভিযানের প্রথম ধাপে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য ও অঞ্চলের ১০০টিরও বেশি কর্মস্থলে আকস্মিক পরিদর্শন করা হয়েছে। ক্যানবেরা, ডারউইন, টাউনসভিল, গোল্ড কোস্ট, হার্ভে বে, সেন্ট্রাল কোস্ট, গোলবার্ন, অ্যালবারি, ওয়াগা ওয়াগা, গ্রিফিথ, ব্যালার্যাট এবং মার্গারেট রিভারসহ নানা প্রত্যন্ত ও শহরের প্রশিক্ষণার্থী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে একযোগে তল্লাশি চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মাসগুলোতে আরও ২০০টিরও বেশি কর্মস্থলে এই অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। অনেক ক্ষেত্রে দেখা গেছে, প্রশিক্ষণ ভিসাধারীদের জন্য কাগজে-কলমে নিখুঁত পরিকল্পনা জমা দেওয়া হলেও বাস্তবে কাঠামোবদ্ধ কোনো প্রশিক্ষণ কার্যক্রমের অস্তিত্বই নেই। উল্টো প্রশিক্ষণার্থীদের সাধারণ কর্মচারীর মতো দৈনন্দিন কাজে খাটানো হচ্ছে। এমনকি কিছু প্রতিষ্ঠানে মূল প্রশিক্ষণের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন কাজেও তাদের জোরপূর্বক নিয়োজিত করার প্রমাণ মিলেছে।
এবিএফ কর্মকর্তারা ফেয়ার ওয়ার্ক ওমবাডসম্যানের সহযোগিতায় সরাসরি কর্মস্থল পরিদর্শন করছেন, নথিপত্র যাচাই করছেন এবং নিয়োগকর্তা ও প্রশিক্ষণার্থীদের মুখোমুখি সাক্ষাৎকার নিচ্ছেন। এবিএফ কমান্ডার জন টেলর এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “প্রশিক্ষণ ভিসায় থাকা অভিবাসীদের শোষণের বিষয়ে সরকারের কোনো সহনশীলতা নেই। দক্ষতা উন্নয়নই এই ভিসার মূল উদ্দেশ্য। যারা এর অপব্যবহার করে সস্তা শ্রমের বাজার বানাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নিয়ম অনুযায়ী, স্পনসরশিপের শর্ত লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা, স্পনসরশিপ বাতিল এবং ভবিষ্যতে বিদেশি কর্মী স্পনসর করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। অন্যদিকে, ভিসাধারীদের ক্ষেত্রেও ইচ্ছাকৃত নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে ভিসা বাতিলসহ গুরুতর অভিবাসনগত জটিলতা ও বহিষ্কারের মুখোমুখি হতে হতে পারে।
অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, ভিসার ধরন যাই হোক না কেন, প্রত্যেক কর্মী ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সমঅধিকারের আইনি সুরক্ষা পাবেন। অভিবাসী কর্মী বা প্রশিক্ষণার্থীদের যেকোনো ধরনের শোষণ গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়, যার শাস্তি মোটা অঙ্কের জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযান শুধু ভিসা জালিয়াতি প্রতিরোধ নয়; বরং সাধারণ অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং পুরো অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা নতুনদের পরামর্শ দিয়ে বলেছেন, যারা ট্রেনিং ভিসায় অস্ট্রেলিয়ায় আসার পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই অনুমোদিত স্পনসর ও প্রকৃত প্রশিক্ষণ পরিকল্পনা শতভাগ যাচাই করে তবেই আবেদন করা উচিত।



