সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
স্বপ্নযাত্রা অব্যাহত রাখল বাংলাদেশের নারী ফুটবলাররা। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের শেষ মুহূর্তে (যোগ করা সময়ে) মোসাম্মৎ সাগরিকার জয়সূচক গোল লাল-সবুজ শিবিরে এনে দেয় এক অবিস্মরণীয় জয়।
ম্যাচের টার্নিং পয়েন্ট: রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে নেপালের রক্ষণভাগ ভেঙে বল জালে জড়ান সাগরিকা। বল গোললাইন অতিক্রম করতেই উল্লাসে ফেটে পড়ে পুরো বাংলাদেশ দল।
ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ এক নাটকীয় লড়াইয়ের সাক্ষী হলেন ফুটবলপ্রেমীরা। শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে একা এক দর্শককে যেভাবে গর্জন ছাড়তে দেখা গেছে, সেই উদ্দীপনা যেন মুহূর্তেই ছুঁয়ে যায় মাঠের ফুটবলারদেরও। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণভাগকে ব্যস্ত রেখে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় মারিয়া-সাগরিলারা।
বাংলাদেশের হয়ে দুটি গোল করেছেন ঋতুপর্ণা ও সাগরিকা। প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণা কর্নার থেকে সরাসরি গোল করেন। আর সাগরিকা গোল করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে, শামসুন্নাহার জুনিয়রের সহায়তায়। এর আগে বাংলাদেশ গোল হজম করেছিল ২৩ মিনিটে, গোল করেন নেপালের গীতা রানা।
ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে নেপাল। শুরুতেই নেপালের আক্রমণের চাপে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। ম্যাচের ২৩ মিনিটে কর্নার থেকে গোল করে নেপালকে এগিয়ে নেন গীতা রানা। দীপা শাহির দারুণ ক্রসে কেবল পায়ের টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া আক্রমণ তো দূরে থাক, উল্টো আফঈদাদের ব্যস্ত থাকতে হয়েছে প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে। ব্যবধান ২-০ হতে পারত ম্যাচের ৩৬ মিনিটে, তবে প্রীতি রাজের দূরপাল্লার শটটি গোলরক্ষক মিলির হাতে লেগে পোস্টে প্রতিহত হলে কোনোমতে রক্ষা পায় বাংলাদেশ।
যখন মনে হচ্ছিল প্রথমার্ধে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারছে না, ঠিক তখনই মাঠে দেখা গেল জাদুকরী এক মুহূর্ত। পুরো ম্যাচ জুড়ে প্রায় নিষ্ক্রিয় থাকা ঋতুপর্ণা চাকমা প্রথমার্ধের যোগ করা সময়ে সরাসরি কর্নার থেকে এক অবিশ্বাস্য গোল করে বসেন। ফুটবল পরিভাষায় যাকে বলা হয় ‘অলিম্পিক গোল’। সরাসরি কর্নার থেকে বল জালে জড়িয়ে তিনি বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান এবং এই গোলের পর মাঠে নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে সাবিনারা।
হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ
এই জয়ের ফলে আগামী শুক্রবার (৫ জুন) হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ দল। আজ রাতেই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও ভুটান। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়নরা।



