৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি

জানলে অবাক হবেন এর মূল্য ও ইতিহাস

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

ফুটবলের সবচেয়ে মর্যাদার প্রতীক ফিফা বিশ্বকাপ ট্রফি নিয়ে প্রতি আসরেই ফুটবলপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। ৪৮ দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনায় উঠে এসেছে এই সোনালি ট্রফির গঠন, নকশা ও মূল্য।

কত সোনা আছে ট্রফিতে?

ফিফা বিশ্বকাপ ট্রফির উচ্চতা ৩৭ সেন্টিমিটার এবং ব্যাস ১৩ সেন্টিমিটার। এর মোট ওজন প্রায় ৬.১ কেজি, যার মধ্যে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট সোনা। ট্রফিটিতে মোট ৬,১৭৫ গ্রাম সোনা রয়েছে।

অর্থাৎ এটি প্রায় ৬১৭ ভরি ৫ গ্রাম সোনার সমতুল্য।

নকশার বিশেষত্ব

ট্রফির নকশায় দেখা যায়, দুইটি মানব আকৃতি পৃথিবীকে মাথার ওপর তুলে ধরেছে—যা ফুটবলের বৈশ্বিক ঐক্য ও বিশ্বজনীনতার প্রতীক। নিচের অংশে যুক্ত করা হয়েছে সবুজ রঙের মূল্যবান খনিজ ম্যালাকাইটের দুটি স্তর, যা ট্রফির সৌন্দর্য আরও বাড়িয়েছে।

তবে ট্রফিটি পুরোপুরি কঠিন সোনা দিয়ে তৈরি নয়। ভেতরের অংশ ফাঁপা রাখা হয়েছে, যাতে এটি তুলনামূলক হালকা থাকে এবং খেলোয়াড়দের জন্য বহনযোগ্য হয়।

আনুমানিক মূল্য কত?

শুধু সোনা ও উপকরণের বাজারদর অনুযায়ী ট্রফিটির মূল্য প্রায় আড়াই লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা।

তবে বিশেষজ্ঞদের মতে, সোনার বাজারদর ও এর শিল্পমান যুক্ত করলে প্রকৃত মূল্য আরও বেশি হতে পারে। নিলামে উঠলে এর দাম কয়েক গুণ বেড়ে কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হয়।

নকশার ইতিহাস

বর্তমান ট্রফির নকশা তৈরি করেন ইতালিয়ান শিল্পী সিলভিও গাজানিগা। ১৯৭০ সালে ফিফা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে এই নকশা নির্বাচন করে।

এর আগে বিজয়ীদের দেওয়া হতো জুলে রিমে ট্রফি, যা ১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ জেতার পর স্থায়ীভাবে পেয়ে যায় ব্রাজিল।

ফুটবলের চূড়ান্ত স্বপ্ন

১৯৭৪ সাল থেকে এই সোনালি ট্রফিই বিশ্বকাপজয়ীদের হাতে ওঠে, যা আজও ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্নের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।