হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

ডেল্টা খেলা

ডেল্টা খেলা

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আরেকটি জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

বিশ্বকাপের আগে দলকে ছন্দে ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে হন্ডুরাসকে প্রায় নিজেদের অর্ধেই আটকে রাখে তারা।

ম্যাচের প্রথম বড় সুযোগটি আসে জিওভানি লো সেলসোর পায়ে। দূরপাল্লার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা।

এক পর্যায়ে লো সেলসোর শট ফিরে আসার পর বল নিয়ে বক্সে ঢুকতে গেলে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপালেও তার নিখুঁত শট ঠেকাতে পারেননি।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্জেন্টিনা। লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদা একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কয়েকটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। এর সুফলও পায় দল। ম্যাচের ৫৫তম মিনিটে লাউতারো মার্তিনেজের চমৎকার ব্যাকহিল পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান জুলিয়ানো সিমিওনে। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয় গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে দক্ষিণ আমেরিকার দলটি। স্কালোনি ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হোসে ম্যানুয়েল লোপেজসহ আরও কয়েকজন খেলোয়াড়কে মাঠে নামিয়ে বেঞ্চের শক্তিও যাচাই করে নেন।

তবে সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ম্যাচের আগে স্কালোনি জানান, মেসি দলের সঙ্গে আংশিক অনুশীলন করছেন এবং বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী।

হন্ডুরাসের বিপক্ষে জয় পাওয়ায় বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বেড়েছে। এখন তাদের সামনে রয়েছে শেষ প্রস্তুতি ম্যাচ। সেখানে প্রতিপক্ষ হবে আইসল্যান্ড।