ভিসা সংকট পেরিয়ে বিশ্বকাপ খেলতে মেক্সিকো পৌঁছেছে ইরান
ডেল্টা খেলা
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার মধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকো পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। দলটির কয়েকজন কর্মকর্তা ভিসা না পাওয়ায় বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিশ্বকাপের আগে মেক্সিকোর তিহুয়ানা শহরে পৌঁছায় ইরান দল। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর সীমান্তবর্তী এই শহরে স্থানীয় সময় ভোরের দিকে তাদের বহনকারী বিমান অবতরণ করে। তুরস্কে প্রায় তিন সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে দলটি মেক্সিকোয় যায়।
যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিয়ে অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্তে নিজেদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নেয় ইরান ফুটবল ফেডারেশন। দীর্ঘ আলোচনার পর গত শুক্রবার ইরানের সব খেলোয়াড়কে ভিসা দেয় যুক্তরাষ্ট্র। তবে ফেডারেশনের দাবি, সাপোর্ট স্টাফের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এখনো ভিসা পাননি।
আগামী বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগেই ইরান দলকে ঘিরে ভিসা বিতর্ক টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করেছে।
টুর্নামেন্টজুড়ে ইরান দল মেক্সিকোতেই অবস্থান করবে। যদিও গ্রুপ পর্বে তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে। ফলে প্রতিটি ম্যাচের জন্য দলটিকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হবে।
তুরস্কের আনতালিয়ায় অবস্থানকালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ভিসার জন্য আবেদন করেছিল ইরান দল। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাক জানান, মেক্সিকোর উদ্দেশে রওনা হওয়ার আগের রাতেই খেলোয়াড়দের ভিসা অনুমোদন দেওয়া হয়।
তবে তুরস্কে ইরানের দূতাবাসের দাবি, প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিভাগের অন্তত ১৫ জন সদস্যকে ভিসা দেওয়া হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার হস্তক্ষেপ চেয়েছে তারা।
এদিকে মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ দাবি করেন, ভিসার শর্ত অনুযায়ী ইরান দলকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং একই দিন দেশ ছাড়তে হবে। তবে জাতীয় দলের মুখপাত্র আমির মাহদি আলাভি বলেছেন, দলকে মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে এবং প্রতিটি ম্যাচের আগে নির্ধারিত সময় অনুযায়ী তারা ভেন্যুতে পৌঁছাবে।
ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন কোচকে সংবাদ সম্মেলনে অংশ নিতে হয়। ফলে ইরানি রাষ্ট্রদূতের বক্তব্য সত্য হলে ফিফার নিয়ম বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠতে পারে।
ইরান ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘খেলায় রাজনৈতিক হস্তক্ষেপের সবচেয়ে খারাপ উদাহরণ’ বলে উল্লেখ করেছে। ফেডারেশনের দাবি, ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে শীর্ষ কর্মকর্তারাও থাকতে পারেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় খেলোয়াড় ও অপরিহার্য সাপোর্ট স্টাফদের ভিসা দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু আবেদন অনুমোদন করা হয়নি।
উল্লেখ্য, বিশ্বকাপের ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর একই ভেন্যুতে ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে ইরান।



