কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ যাত্রা, মেক্সিকোয় উষ্ণ অভ্যর্থনা পেল ইরান
ডেল্টা খেলা
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
ভিসা জটিলতা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকোয় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। যাত্রার আগে পবিত্র কোরআনে চুমু দিয়ে বিমানে ওঠার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইরানি সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রোববার স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর তিহুয়ানা শহরে পৌঁছায় ‘টিম মেল্লি’। এর আগে প্রায় তিন সপ্তাহ তুরস্কে অনুশীলন করে দলটি। সেখান থেকেই রাতভর উড়োজাহাজে মেক্সিকোতে যায় তারা।
তিহুয়ানা বিমানবন্দরে ইরান দলকে স্বাগত জানাতে উপস্থিত হন একদল সমর্থক। খেলোয়াড়দের বহনকারী বাস বিমানবন্দর ত্যাগের সময় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শুভেচ্ছা জানান।
স্থানীয় বাসিন্দা সাদেগ গালাভি বলেন, জাতীয় দলকে নিজ শহরে দেখতে পেরে তিনি রোমাঞ্চিত। ভোরে ঘুম থেকে উঠে বিমানবন্দরে আসা তার কাছে ছিল দেশের প্রতি ভালোবাসার প্রকাশ।
বিশ্বকাপের আগে ইরান দলকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু। খেলোয়াড়রা ভিসা পেলেও প্রতিনিধি দলের কয়েকজন কর্মকর্তা ও প্রশাসনিক সদস্য ভিসা পাননি বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমর্থকরা খেলাধুলার সঙ্গে রাজনীতি না জড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, ফুটবল হওয়া উচিত শান্তি ও সৌহার্দ্যের প্রতীক।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে শুরু থেকেই নানা অনিশ্চয়তা ছিল। আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোর তিহুয়ানাকে নিজেদের বেস ক্যাম্প হিসেবে বেছে নেয় ইরান।
মাঠের বাইরের নানা বিতর্ক সত্ত্বেও বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী ইরানি সমর্থকরা। তাদের বিশ্বাস, প্রতিকূল পরিস্থিতি দলকে আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ করবে।
বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে ইরান। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।
এদিকে ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করতে মেক্সিকান পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। দলের হোটেল ও অনুশীলন কেন্দ্রেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।



